বিএমইউর স্নাতকোত্তর রেসিডেন্সি প্রোগ্রামে ই-লগ বুক চালু
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির (বিএমইউ) স্নাতকোত্তর রেসিডেন্সি প্রোগ্রামে ই-লগ বুক কার্যক্রম শুরু হয়েছে। পাইলটিং পর্যায়ে পাঁচটি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভাগগুলো হলো মেডিসিন, জেনারেল সার্জারি, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, হেপাটোলজি (লিভার)। শিগগিরই এ বিশ্ববিদ্যালয়ে সব বিভাগে ই-লগ বুক চালু করা হবে। গতকাল বিএমইউর প্রোভিসির (অ্যাকাডেমিক) অফিসে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা: এ কে এম আখতারুজ্জামান, ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মো: নাজমুল হাসান, সহকারী অধ্যাপক ডা: খালেদ মাহবুব মুর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রেসিডেন্সি প্রোগ্রামকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণ, চলতি বছরের মার্চ মাস থেকেই সব বিভাগে ই-লগ বুক চালু, ই-লগ বুক চালুর সীমাবদ্ধতা ও জটিলতাগুলো নিরসন করাসহ এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।