হাইতির অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের নির্দেশ
Printed Edition
রয়টার্স
হাইতির অন্তর্বর্তী সরকার টিপিসি আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ভেঙে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় দেশটির প্রধানমন্ত্রী লিক্স দিদিয়ের ফিলস এইমের সাথে বৈঠকে এ নির্দেশ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরে মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে রুবিও বলেন, দুর্নীতিবাজরা যেন নিজেদের স্বার্থে হাইতির নির্বাচিত শাসনব্যবস্থায় হস্তক্ষেপ না করে। এজন্য টিপিসি ভেঙে দেয়া জরুরি।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র হাইতির স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রতি সমর্থন পুনর্বাক্ত করেছে। একই সাথে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই এবং দ্বীপে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী ফিলস-আইমের দায়িত্ব পালনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। হাইতির জনগণের পূর্ণ সমর্থনের সাথে সামঞ্জস্যপূর্ণ, শক্তিশালী নেতৃত্বের মাধ্যমেই দেশটিতে সৃষ্ট সহিংসতা বন্ধ করা সম্ভব বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সহিংস গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার কারণে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের চরম মূল্য দিতে হবে।