ঢাকেশ্বরীতে সমকামী বিয়ে, শাস্তির দাবি ১২৩০ নাগরিকের

Printed Edition

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সম্প্রতি সমকামী বিয়েতে জড়িতদের শাস্তি চেয়েছেন দেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। গতকাল এক বিবৃতিতে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার এক হাজার ২৩০ জন এই দাবি জানান।

মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র ইঞ্জিনিয়ার মুহাম্মাদ সাদাতের পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের যে ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে, তাতে আমরা বিস্মিত ও হতভম্ব হয়েছি। কামাল হোসেন নামে একজন জন্মগত সুস্থ পুরুষ নিজেকে তাসনুভা আনান শিশির নাম নিয়ে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী হিসেবে দাবিকারী দেশের প্রচলিত ধর্ম, সমাজ, সংস্কৃতি ও আইন- সবকিছুকে উপেক্ষা করে ঢাকেশ্বরী মন্দিরে আরেক হিন্দু পুরুষের সাথে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের সংবিধানে লিঙ্গ হিসেবে কেবল নারী ও পুরুষের উল্লেখ রয়েছে এবং ২০১৪ সালে লিঙ্গ-প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ‘হিজড়া’ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি গেজেট প্রকাশ হয়েছে। কিন্তু সংবিধান বা আইনে ‘ট্রান্সজেন্ডার’ বলে কোনো লিঙ্গের স্বীকৃতি নেই। দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুসারে সমকামিতা একটি নিষিদ্ধ ও শাস্তিযোগ্য আচরণ হিসেবে পরিগণিত। প্রকাশ্যে ঢাক-ঢোল পিটিয়ে সমকামী বিয়ে নামক এই অনাচারের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা না নেয়া হলে তা শান্তিপ্রিয় জনগণকে ক্ষুব্ধ ও অসহিষ্ণু করাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে।

বিবৃতিদাতাদের অন্যতম হলেন- ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ, মসজিদ উত তাকওয়া সোসাইটি ধানমন্ডির খতিব মুফতি সাইফুল ইসলাম, মাসজিদুল জুমা কমপ্লেক্স পল্লবীর খতিব আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, আইইউবির প্রফেসর ও মূল্যবোধ আন্দোলনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, উত্তরার রূপায়ণ সিটি জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মাদ শামছুদ্দোহা আশরাফী, সাবেক সচিব নুরুল আলম, ঢাবির অধ্যাপক জুলফিকার হাসান খান, খুবির ড. সালমা বেগম, শাবিপ্রবির ড. শামীমা তাসনিম, বুয়েটের ড. মোহাম্মদ তানভীর পারভেজ, যবিপ্রবির ড. সৈয়দ মো: গালিব, রাবির ড. তারেক ফজল, এনএসইউর ড. মুহাম্মাদ মাকসুদ হোসেন, চবির ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন ও আইইউবির ড. মো: কাফিউল ইসলাম, চবির সহযোগী অধ্যাপক সামসুন নাহার মিতুল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক আসিফ মাহতাব উৎস, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার, জাগো নিউজের সহকারী বার্তা সম্পাদক মো: আনোয়ার হোসেন, সময় টিভির হেড অব ইসলাম মুফতি আবদুল্লাহ তামিমসহ অন্যান্য বিশিষ্ট নাগরিকরা। বিজ্ঞপ্তি।