জৈন্তাপুর সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদেও সংঘর্ষ, আহত ৭

Printed Edition

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবক গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন বিজিবি সদস্যও রয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর রাজবাড়ি ক্যাম্পের একটি টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন সন্দেহভাজন যুবককে ঘোরাফেরা করতে দেখে সতর্ক করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে চোরাকারবারিরা ইট-পাটকেল নিক্ষেপ করলে বিজিবির এক সদস্য আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আত্মরক্ষার্থে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে দাবি করা হয়। এতে আতিক (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হন এবং আরো কয়েকজন আহত হন।

গুলিবিদ্ধ আতিক ছাড়াও বিজিবি সদস্য সাহাঙ্গীর আলম গুরুতর আহত হন। অন্য আহতদের মধ্যে রয়েছেন- ল্যান্স নায়েক ওমর ফারুক, স্থানীয় বাসিন্দা রায়হান মিয়া ও নুরজাহান বেগম। জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, আহতদের উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।