সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের ৫১৮টি ফ্যাট জব্দের আদেশ
Printed Edition
আদালত প্রতিবেদক
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে এসব স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। সম্পদগুলোর মোট মূল্য ধরা হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।
গতকাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেেিত ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
দুদকের পে উপপরিচালক মো: মশিউর রহমান যুক্তরাজ্যে অবস্থিত এসব সম্পদ জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগী ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও এনবিআর সমন্বয়ে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট মামলার ২৩ বস্তা আলামত জব্দ করা হয়। জব্দকৃত নথিপত্রের তালিকা প্রস্তুত করে সেগুলো ঢাকায় এনে পর্যালোচনা, পরীা ও ডকুমেন্টারি বিশ্লেষণের মাধ্যমে শ্রেণী বদ্ধ করা হয়। উদ্ধারকৃত কাগজপত্রের মধ্যে চুক্তিপত্র, দলিল, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রসিদ, চেক, ভাউচারসহ বিদেশে সম্পত্তি ক্রয়ের বিভিন্ন মূল নথি পাওয়া যায়।
এসব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অধিগৃহীত সম্পদের একটি তালিকা প্রস্তুত করা হয়। এর মধ্যে যুক্তরাজ্যে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
তদন্তাধীন অবস্থায় সম্পদগুলো অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধে জব্দের আদেশ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর তাকে আর মন্ত্রিসভায় দেখা যায়নি।