অপরাধীরা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সাহস করবে না : র‌্যাব

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে এমন আশঙ্কা বা থ্রেট এই মুহূর্তে আমরা দেখছি না। অপরাধীরা এই ধরনের সাহস অন্তত করবে না বলে জানিয়েছেন র‌্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: খালিদুল হক হাওলাদার। গতাকল মঙ্গলবার কাওরান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে এমন শঙ্কার কথা জানিয়ে পুলিশ সদর দফতর থেকে বিশেষ সতর্কবার্তা ও নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে। তবে, বিষয়টির সাথে একমত নয় র‌্যাব। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আমাদের ডিপ্লোয়মেন্ট রয়েছে।

দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেকোনো থ্রেট ও ঝুঁকি গুরুত্ব সহকারে বিবেচনা করে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। এই বিষয়টি আমরা জেনেছি। আমরা আমাদের যে সব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি অফিস এবং পাবলিক বা জনস্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনাগুলো আছে সেগুলোর নিরাপত্তায় আমাদের টহল, গোয়েন্দা টিম ও গোয়েন্দা নজরদারি চলমান। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত।

সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতারের বিষয়েও জানায় র‌্যাব। র‌্যাব জানায়, মোহাম্মদপুর ও পল্টন এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে শুনার পরেই এই অভিযান চালানো হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দু’টি চাপাতি এবং এক লাখ দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ছাড়া একই রাতে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ জব্দ করা হয়।

খালিদুল হক হাওলাদার বলেন, অপরাধীরা অপরাধ যাতে করতে না পারে সে জন্য ২৪টি টহল টিম মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় কাজ করছে। জেনেভা ক্যাম্পের যে মাদকের প্রবণতা আমরা অনেকাংশে কমিয়েছি। আমাদের এই ধারাবাহিকতা এখনো চলছে।