হারানো জৌলুস পুনরুদ্ধারে অ্যারচারির নতুন কমিটি
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশের অ্যারচারির হারানো জৌলুস ফিরিয়ে এনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সাফল্যের ধারায় ফেরানোর লক্ষ্যে বাংলাদেশ অ্যারচারি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী ৩০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত টঙ্গীর অ্যারচারি ট্রেনিং অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হবে ‘ডব্লিউএএ প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ ও জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’। গতকাল বিওএ ডাচ-বাংলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে আসর ও ফেডারেশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নতুন অ্যাডহক কমিটির সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। একই সাথে তিনি ওয়ার্ল্ড অ্যারচারি এশিয়ার নির্বাচিত প্রেসিডেন্ট।
চপল বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অ্যারচারি কিছুটা পিছিয়ে পড়েছে। তবে নতুনত্ব ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সেই অবস্থার পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’
৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও স্পোর্টস ইনজুরি সেমিনার। ২ আগস্ট হবে প্রথমবারের মতো ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৭টি দেশের আরচার সরাসরি অংশ নেবেন। টেকনিক্যাল কর্মকর্তা ও অতিথিসহ মোট ২৬টি দেশের ১১৪ জন প্রতিনিধি এই আয়োজনে যুক্ত থাকবেন। স্বাগতিক বাংলাদেশের ১০ সদস্যের দলে থাকছেন আটজন অ্যারচার, যার চারজনই অনূর্ধ্ব-১৮। ওয়ার্ল্ড অ্যারচারি এশিয়ার প্রায় ৪৪ হাজার মার্কিন ডলার আর্থিকসহায়তা পাচ্ছে ফেডারেশন।