রানীশংকৈলে সরকারি দোকান বিক্রির অভিযোগ

Printed Edition

রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ঐতিহ্যবাহী নেকমরদ হাটের সরকারি জায়গায় গড়ে ওঠা দু’টি পাকা দোকান বিক্রির অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় নেকমরদ এলাকার আশরাফুল ইসলাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রেস ক্লাবসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন

অভিযোগে বলা হয়, নেকমরদ বাজারের সার ব্যবসায়ী খাইরুল ইসলাম জেলা প্রশাসনের লাইসেন্স নীতিমালা ভঙ্গ করে প্রায় ৬০ লাখ টাকায় দু’টি সরকারি দোকান বিক্রি করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ইমরান ট্রেডার্সের মালিক খাইরুল ইসলাম নেকমরদ বাজার এলাকায় নামে-বেনামে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেন এবং পরে সেগুলো বেচাকেনা করেন। নেকমরদ ভূমি অফিসের তথ্য মতে, বাজার এলাকায় জেলা প্রশাসনের তালিকাভুক্ত প্রায় ৬০টি দোকান রয়েছে। তবে আলোচিত দু’টি দোকান ওই তালিকাভুক্ত কি না, সে বিষয়ে নিশ্চিত নন ইউনিয়ন ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম।

সরেজমিন দেখা যায়, একটি দোতলা পাকা ভবনে বর্তমানে একটি বস্ত্রালয়ের দোকান চলছে। দোকানের পরিচালক আব্দুল মোমিন জানান, তিনি দোকানটি খাইরুল ইসলামের কাছ থেকে কিনেছেন। আরেকটি দোকানে চলছে ওষুধের ব্যবসা। দোকানের পরিচালক আজিমুল ইসলাম বলেন, তিনি দোকানটি খাইরুল ইসলামের ভাগিনার কাছ থেকে কিনেছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল ও বিক্রি করা হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।