পাঁচ ম্যাচেই সেরা শামসুন্নাহার জুনিয়র

Printed Edition
khela-1
বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছেন রহমতগঞ্জের একমাত্র গোলদাতা শামসুন্নাহার জুনিয়র : বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

মেয়েদের লিগে অন্য রকম এক রেকর্ড গড়লেন ফরাশগঞ্জের ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়র। গতকাল পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে তারা। আর এই পাঁচটিতেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ময়মনসিংহের কলসিন্দুরের এই ফুটবলার। বাংলাদেশের নারী ফুটবলে এমন ঘটনা বিরল। ছোট শামসুন্নাহার ধারাবাহিক পারফরম্যান্সে গতকালও কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাবকে ১-০ গোলে হারায় ফরাশগঞ্জ। তাতে দলের টানা পঞ্চম জয়ে ফের ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। পাঁচ ম্যাচে তার গোল ১৯টি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন মণিকা চাকমা ও তহুরা খাতুন।

ম্যাচ শেষে শামসুন্নাহার জুনিয়র বলেন, ‘সবার প্রথম শুকরিয়া আল্লাহর কাছে, আমরা কঠিন ম্যাচটা জিততে পেরেছি। পাঁচ ম্যাচের থেকে আজকেরটা (গতকাল) চ্যালেঞ্জিং ছিল। এই ম্যাচে গোল করতে পেরে অনেক খুশি। আমরা চাইব সব ম্যাচ ধারাবাহিকভাবে জিততে। সব ম্যাচেই সেরা হয়েছি- এটা আলাদা আনন্দের।’

এবারের নারী লিগে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট ছিল আর্মির। ফরাশগঞ্জ তাদের হারিয়ে গোল ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে উঠলো ১৫ পয়েন্ট পেয়ে। ফরাশগঞ্জের ৫০ ও আর্মির ৩৫টি গোল রয়েছে। তবে ১১ দলের লিগে শিরোপার হিসেব এখনই মেলাতে চান না দলের অধিনায়ক মারিয়া মান্দা, ‘যেহেতু লিগ শেষ হয়নি, তাই শিরোপা জিতে গেছি এটা আগেভাগে বলা যায় না। আরো অনেক কঠিন ম্যাচ আছে। এই ম্যাচগুলো শেষ হলেই বলতে পারব।’

অধিনায়কের সাথে সুর মেলান শামসুন্নাহার জুনিয়রও। ‘আমার লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা ম্যাচে ভালো করা। আর আর্মি অনেক শক্তিশালী। প্রথমে তারা মার্ক করে খেলছিল। আমাদের মিডফিল্ডার মনিকা চাকমা, মারিয়া আপুকে ওরা ব্লক করে দিয়েছে। প্রথমার্ধের পরে তহুরাকে নিচে দিয়ে আমি টপে চলে গেছি। যার কারণে তহুরা এই বলগুলো দিতে পেরেছে।’

এ দিকে লিগে দিনের প্রথম ম্যাচে নাসরিন স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে ঢাকা রেঞ্জার্স। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রেঞ্জার্সকে এগিয়ে নেন মিমি খাতুন। ৮৫ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন রুমি হাসদা। দিনের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে শুদ্ধপুস্করিনি যুব স্পোর্টিং ক্লাব। রংপুরের ক্লাব সিরাজ স্মৃতি সঙ্ঘকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রাজশাহীর মহিলা ক্লাবটি।