সবুজ প্যানেলের অভিযোগ
ঢাকা বারের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সমর্থনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার দায়িত্বশীল সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ও ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।
অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট আবু বক্করসহ প্যানেলের সব পদের প্রার্থীরা।
বক্তারা বলেন, ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। তারা আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে কি-না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে নির্বাচনের জন্য গঠিত কমিশন দুই প্যানেলের সমান সংখ্যক সদস্য দিয়ে গঠন করার নিয়ম সেখানে বিএনপি শুধুমাত্র তাদের প্যানেলের এবং তাদের দলীয় আইনজীবীদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে। ফলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না। পাশাপাশি পক্ষপাতিত্ব করা হচ্ছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক ভূমিকা বন্ধ না হলে আইনজীবীরা আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে বাধ্য হবে।