ফেনী-৩ এ মিন্টুর পক্ষে মাঠে নামলেন স্ত্রী নাসরিন
Printed Edition
ফেনী অফিস
ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর পক্ষে সরাসরি ভোটের মাঠে নেমেছেন তার স্ত্রী উইমেন্স এন্টারপ্রিনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) প্রেসিডেন্ট নাসরিন আউয়াল মিন্টু। নারী ভোটারদের সম্পৃক্ত করতে তিনি ধারাবাহিক গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নিচ্ছেন।
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের পোদ্দার পুকুর এলাকায় নারী ভোটারদের সাথে মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন নাসরিন মিন্টু। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে আবদুল আউয়াল মিন্টুর জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন।
উপজেলা বিএনপি নেতা বদরুল আলমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নিজাম উদ্দিন। এ ছাড়া, উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি মতিউর রহমান চৌধুরী পলাশ, বিএনপি নেতা মোস্তফা বাহার, গিয়াস উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নাসরিন মিন্টু বলেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। তিনি আরো বলেন, আবদুল আউয়াল মিন্টু সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আগামী নির্বাচনে তাকে বিজয়ী করলে ফেনী-৩ আসনকে একটি আধুনিক ও আদর্শ জনপদে রূপান্তর করা হবে।