নতুন স্টেডিয়ামেও মেসির চমক
Printed Edition
ক্রীড়া ডেস্ক
মেজর লিগ সকারে (এমএলএস) নতুন অধ্যায়ের সূচনা করল ইন্টার মিয়ামি। নতুন স্টেডিয়ামের উদ্বোধন করল ক্লাবটি। আর সেই নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে গোল করে আলো ছড়ালেন অধিনায়কলিওনেল মেসি। যদিও শেষ পর্যন্ত অস্টিন এফসির বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মায়ামিকে।
২৬ হাজার দর্শক ধারণক্ষমতার ‘নু স্টেডিয়াম’-এ জমকালো আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের আগে ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম একে ‘স্বপ্নপূরণ’ হিসেবে উল্লেখ করেন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর নিজেদের স্থায়ী ঠিকানা পাওয়ায় আবেগাপ্লুত ছিলেন তিনি।
তবে উৎসবমুখর পরিবেশে শুরু হলেও ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মায়ামি। ম্যাচের ৬ মিনিটে ফাকুন্দো তোরেসের কর্নার থেকে হেডে গোল করে অস্টিনকে এগিয়ে দেন গুইলহার্মে বিরো। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি স্বাগতিকদের। মাত্র চার মিনিট পর ডান দিক থেকে ইয়ান ফ্রের ক্রসে হেডে গোল করে সমতা ফেরান মেসি, যা তার ক্যারিয়ারে তুলনামূলক বিরল দৃশ্য।
এরপর বল দখলে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছিল না মিয়ামি। উল্টো ৫৩ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণে আবার এগিয়ে যায় অস্টিন। জোসেফ রোসালেসের বল থেকে মির্টো উজুনি হয়ে বদলি জেইডেন নেলসন গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
চাপে পড়ে শেষ দিকে আক্রমণ জোরদার করে মিয়ামি। ৭৩ মিনিটে মাঠে নামেন অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৮১ মিনিটে তারই গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। মেসির কর্নার থেকে সৃষ্ট সুযোগে কাছ থেকে বল জালে জড়ান তিনি।
শেষ মুহূর্তে সুয়ারেজ আরেকটি গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। ফলে নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে জয় না পেলেও গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় মিয়ামি। এই ম্যাচে মেসির গোল ও দলের লড়াকু মানসিকতা নতুন মৌসুমে ইন্টার মায়ামির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।