বিএনপির সমাবেশে আ’লীগ নেতার ‘না’ ভোটের প্রচার
Printed Edition
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপি আয়োজিত এক মুক্তিযোদ্ধা সমাবেশে প্রকাশ্যে গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর ঘটনা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। রোববার উপজেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমাবেশে উপস্থিত কয়েকজন মুক্তিযোদ্ধা প্রকাশ্যে গণভোটের বিপক্ষে বক্তব্য দেন এবং ‘না’ ভোটের পক্ষে ভোটারদের আহ্বান জানান। তাঁদের মধ্যে কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিনসহ কয়েকজন আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধার নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, তাঁরা ‘হ্যাঁ’ ভোটের বিপক্ষে অবস্থান নিয়ে সমাবেশস্থলে সক্রিয় প্রচারণা চালান। এমনকি ‘হ্যাঁ’ ভোট দিতে আসা ভোটারদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেয়ার অভিযোগও ওঠে। বিষয়টি সমাবেশে উপস্থিত অনেককে বিস্মিত করে।
জুলাই বিপ্লবের অংশীজন হিসেবে সরকার ও প্রশাসন যখন দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিচ্ছে, তখন বিএনপি আয়োজিত একটি সমাবেশে আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধাদের প্রকাশ্য ‘না’ ভোটের পক্ষে অবস্থান রাজনৈতিকভাবে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে, কেন্দ্রীয়ভাবে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকলেও তৃণমূলে ভিন্ন সুরে ‘না’ ভোটের প্রচার দলীয় অবস্থানের সাথে সাংঘর্ষিক।
এদিকে সমাবেশে বক্তব্য দেয়ার সময় খন্দকার আজিজুর রহমান পেরা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর প্রতিপক্ষকে ‘দেখে নেয়া হবে’ এমন মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই বক্তব্যের ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পুরো ঘটনাপ্রবাহ কাপাসিয়ার রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ভোটাররা জানান, এসব ঘটনায় ভোটারদের মধ্যে উদ্বেগ ও ভীতির সৃষ্টি হচ্ছে।