শীর্ষস্থান নিশ্চিতের ল্েয ইংল্যান্ড
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘খ’-এ শনিবার রাত ৩টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পানামা ও ইংল্যান্ড। ম্যাচটি দুই দলের জন্য ভিন্ন বাস্তবতা নিয়ে আসছে। ইংল্যান্ড নকআউট নিশ্চিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায়, আর পানামা বিদায়ের আগে অন্তত সম্মানজনক সমাপ্তি খুঁজছে।
দুই ম্যাচ শেষে ইংল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ঘানার সাথে গোলশূন্য ড্র করে হতাশায় ডুবে টমাস টুখেলের দল। এই ম্যাচে ১ পয়েন্ট পেলেও পরের রাউন্ড প্রায় নিশ্চিত, তবে শীর্ষস্থান ধরে রাখতে জয়ই তাদের প্রধান ল্য। আক্রমণে ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের গভীরতা। হ্যারি কেইন ইতোমধ্যে টুর্নামেন্টে দুই গোল করেছেন, তবে তাকে বিশ্রাম দিয়ে সুযোগ দেয়া হতে পারে ইভান টনি অথবা ওলে ওয়াটকিনসকে। মধ্যমাঠে জুড বেলিংহাম ও ডেকলান রাইস ম্যাচের গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ডান দিকে গতি ও সৃজনশীলতার ভরসা বুকায়ো সাকা।
অন্য দিকে পানামার বিশ্বকাপ অভিযান এখন পর্যন্ত হতাশাজনক। দুই ম্যাচেই ১-০ ব্যবধানে হেরে এখনো গোলের দেখা পায়নি দলটি। কোচ টমাস ক্রিশ্চিয়ানসেন চাইবেন অন্তত শেষ ম্যাচে দলকে আত্মবিশ্বাসী ফুটবল খেলাতে।
অভিজ্ঞ অধিনায়ক আনিবাল মাঝমাঠে নেতৃত্ব দেবেন, আর গোলের আশায় থাকবেন ইসমাইল দিয়াজ। সামনে থাকবেন হোসে ফাজর্দো ও সিসিলিও ওয়াটারম্যান। দুই দলের একমাত্র প্রতিযোগিতামূলক দেখায় ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ড ৬-১ ব্যবধানে জয় পেয়েছিল। এবারো কাগজে-কলমে বড় ব্যবধান দেখা গেলেও পানামা অন্তত লড়াই করে বিদায় নিতে চাইবে।