সম্প্রীতি রেখে প্রচারণা চালানোর আহ্বান শামা ওবায়েদের

Printed Edition

সালথা (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে হুমকি-ধামকি ও একটি হামলার ঘটনার প্রেক্ষাপটে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু নেতাকর্মীদের শান্তি ও সম্প্রীতি বজায় রেখে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।

গত শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, বিএনপি সবসময় ভিন্নমত থাকা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যরে রাজনীতিতে বিশ্বাস করে। দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন এবং এই আদর্শ বিএনপির রাজনীতির মূল ভিত্তি।

শামা ওবায়েদ লিখেছেন, ইসলামি মূল্যবোধের সাথে সাংঘর্ষিক এমন কোনো নীতি বা কর্মকাণ্ডের সাথে বিএনপি কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে দলটির ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালানো হলেও বিএনপি গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতি আস্থা হারায়নি।

তিনি আরো উল্লেখ করেন, তার রাজনৈতিক জীবন ও মূল্যবোধ গঠনে প্রয়াত কে এম ওবায়দুর রহমানের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নগরকান্দা ও সালথার মানুষকে তিনি দলমত নির্বিশেষে আপনজন হিসেবে দেখতেন এবং সেই মানবিক নেতৃত্ব আজও মানুষের স্মৃতিতে রয়েছে।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৮ বছর পর দেশে আবার জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ এসেছে। এই গুরুত্বপূর্ণ সময়ে তিনি দলমত নির্বিশেষে সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।