এক মাসের মধ্যে এখন খালেদা জিয়ার অবস্থা বেশ স্থিতিশীল

Printed Edition
first 6
এক মাসের মধ্যে এখন খালেদা জিয়ার অবস্থা বেশ স্থিতিশীল

বিশেষ সংবাদদাতা

গত এক মাসের মধ্যে খালেদা জিয়ার অবস্থা এখন বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

গতকাল শুক্রবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক।

তিনি বলেন, আজকে এক মাস প্রায় হয়ে যাচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন। আলহামদুলিল্লাহ। উনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে। আমি এইটুকুই বলব, উনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থার তুলনায় মেডিক্যাল বোর্ডের চিকিৎসায় এখন আগের চেয়ে বেশি স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

অধ্যাপক জাহিদ বলেন, আজকেও একটা ছোট প্রসিজিউর করা হয়েছে অপারেশন থিয়েটারে নিয়ে। সেটিও উনি অত্যন্ত সফলভাবে গ্রহণ করতে পেরেছেন। অর্থাৎ প্রসিজিউরটা সুন্দরভাবে করা হয়েছে। উনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউর (ইন্টেনসিভ কেয়ার ইউনিট) এর ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী ডা: জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, শামীম এস্কান্দারসহ তাদের পরিবারের সদস্যরা ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই যেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসা যেভাবে উনি নিতে পারছেন সেটি যাতে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে অব্যাহত রাখার তওফিক দান করেন এবং এখন যে অবস্থা আছে সেটা তাকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে সেই দোয়া চাই।

গত ২৩ নভেম্বর অসুস্থতা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এর তিন দিন পরে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দিচ্ছে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশী-বিদেশী চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড।