নবজাতক পাচারচেষ্টায় গ্রেফতার ২

Printed Edition

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর গলাচিপায় নবজাতক শিশুকে পাচারের ঘটনায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় অপহৃত নবজাতককে পার্শ্ববর্তী আমতলী উপজেলার গোছখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- ভুক্তভোগী শারমিন বেগমের শ্বশুর রুস্তুম গাজী এবং স্থানীয় একটি ক্লিনিকের সহায়তাকারী মোসা: লিপি বেগম। গলাচিপা থানায় দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ মার্চ প্রসববেদনা নিয়ে শারমিনকে গলাচিপা নিউ লাইফ কেয়ার ক্লিনিকে ভর্তি করা হয়।

সেদিন রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার পুত্র সন্তান জন্ম হয়। অভিযোগ রয়েছে, অপারেশনের সময় অচেতন অবস্থায় থাকা শারমিনের নবজাতককে লিপি বেগম অপহরণ করে নিয়ে যান।

পুলিশ জানায়, ভুক্তভোগীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং সোমবার পটুয়াখালী নারী ও শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় শারমিন বেগম বাদি হয়ে শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, প্রধান দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।