চট্টগ্রামে আকাশ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আকাশ হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার নাজমুল হুদা (১৯) কুড়িগ্রাম সদর উপজেলার পাঠানপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১৩ রংপুরের যৌথ অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার বিটাক এসটেক প্লাস্টিক কারখানার সামনে আকাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার নাজমুল হুদাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।