নির্বাচন নির্বিঘœ করতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার আলটিমেটাম
এক সপ্তাহে সব ভোটকেন্দ্রে বিদ্যুৎ নিশ্চিত করতে হবে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সব নির্বাচন কেন্দ্রে এক সপ্তাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। যেসব এলাকায় সরাসরি বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব নয়, সেখানে বিকল্প হিসেবে জেনারেটর কিংবা সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশনা দেয়া হয়। সভায় আসন্ন পবিত্র রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপদেষ্টা বলেন, নির্বাচনকালীন সময়ে কোনোভাবেই ভোটগ্রহণ কার্যক্রম ব্যাহত হওয়া যাবে না। সম্ভাব্য লোডশেডিং-প্রবণ এলাকাগুলোতে তাৎক্ষণিক বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। এ লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক বিদ্যুৎ মোবাইল ভ্যান, জেনারেটর ও ডিজেল মজুদ রাখার নির্দেশ দেয়া হয়।
তিনি আরো বলেন, যেসব এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত সংযোগ দেয়ার পাশাপাশি দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বিশেষ ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থার ওপর জোর দেয়া হয়। এ জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল, স্থানীয় মনিটরিং টিম এবং নির্দিষ্ট ফোকাল পয়েন্ট প্রস্তুত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানান, জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। দুর্গম এলাকাগুলোতে প্রয়োজন অনুযায়ী জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নেবে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ সমিতির টিমগুলো নির্বাচন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে সার্বক্ষণিক নজরদারি করবে।
সভায় জানানো হয়, রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়ে। তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলো অতিরিক্ত চাহিদার সময়ের জন্য তাদের প্রস্তুতি ও সরবরাহ পরিকল্পনা উপস্থাপন করে। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দফতরের সমন্বয়ের মাধ্যমে এসব পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।
এ ছাড়া রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার সংযত রাখা, অতিরিক্ত আলোকসজ্জা পরিহার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা নির্দেশ দেন, রোজাদার ও সাধারণ জনগণ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।