ভারতকে হারাতে বিশেষ প্রেরণা

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

স্বল্প প্রস্তুতি নিয়েও প্রথম ম্যাচে বিশাল জয়। দুর্বল ভুটানের বিপক্ষে ১২-০ গোলের সেই জয়ে অবশ্য আত্মতুষ্টি খোঁজার সুযোগ কম। মূল ম্যাচ আজ ও ৫ তারিখে। আজ ভারতের সাথে ম্যাচ। এই খেলায় জিতলে ৭ ফেব্রুয়ারি অর্পিতা বিশ্বাসদের ফাইনালে খেলা প্রায় নিশ্চিত। এই ভারতের বিপক্ষে গত বছর অনূর্ধ্ব-১৭ সাফে বাংলাদেশ দল প্রথম পর্বে জিততে পারেনি। তাই জেতা হয়নি শিরোপা। তাই আজ প্রতিবেশী দেশটিকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। এ জন্য ফুটবলারদের বাড়তি অনুপ্রেরণা দরকার। তাই নেপালে অবস্থানরত বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার দেখা করেন ফুটবলারদের সাথে। তাদের উৎসাহ দেন ভারতকে হারাতে। বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায় পোখরা রঙ্গশালায় হবে এই ম্যাচ। এরপর নেপালের প্রতিপক্ষ ভুটান।

প্রথম ম্যাচ শেষে গোল পার্থক্যে এগিয়ে বাংলাদেশ। যদিও ভারতের সাথে তাদের পয়েন্ট সমান ৩ করে। পরশু নেপালকে ১-০ গোলে হারিয়েছে ভারত। যেখানে বাংলাদেশের ডজন গোলের উৎসব ছিল ভুটানিদের বিপক্ষে। তবে আজ কঠিন ম্যাচ। প্রতিপক্ষ ভারত অনেক শক্তিশালী। তাই গতকাল নেপাল থেকে পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক অর্পিতা বিশ্বাস জানান, ভারতের সাথে ম্যাচটি বেশ ফাইট হবে। তারাও বেটার টিম। আমরাও বেটার টিম। তবে আমাদের মূল লক্ষ্যই থাকবে ম্যাচটি জেতার।

প্রথম ম্যাচে বড় জয় প্রসঙ্গে এই স্টপার ব্যাক বলেন, ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে আমরা একটু টেনশনেই ছিলাম। কারন আমরা এক সাথে প্র্যাকটিস করতে পারিনি। এরপরও আমরা বড় জয় পেয়েছি। এই ম্যাচ প্র্যাকটিস আমাদের আত্মবিশ^াস আরো বাড়িয়ে দিয়েছে।