১৪ বছর পর রংপুর সিটিতে বেতন বাড়ল কর্মীদের

Printed Edition

রংপুর ব্যুরো

রংপুর সিটি করপোরেশন (রসিক) প্রতিষ্ঠার ১৪ বছর পর প্রথমবারের মতো বেতন-ভাতা বাড়ছে অস্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের। বর্তমান বাজারমূল্য ও মুদ্রাস্ফীতি বিবেচনা করে নতুন প্রশাসক মোহা: আশরাফুল ইসলামের উদ্যোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে আনন্দিত সংস্থাটির ১৬৪৩ জন কর্মী।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের বেতন বাড়েনি। গত আগস্টে প্রশাসক হিসেবে যোগ দিয়েই এই অমানবিক বেতন কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেন আশরাফুল ইসলাম। গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী, গত জানুয়ারি মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়েছে।

বেতন বৃদ্ধির হার, পরিচ্ছন্নতা কর্মী ২৫ থেকে ৩০ শতাংশ, মাস্টাররোল ও চুক্তিভিত্তিক ২৫ থেকে ৪০ শতাংশ এবং দৈনিক মজুরিভিত্তিক ৩০ থেকে ৪০ শতাংশ। এর ফলে জানুয়ারি মাসে বেতন বাবদ অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ৩৯ লাখ টাকা। ডিসেম্বরে যেখানে ব্যয় ছিল এক কোটি ১৬ লাখ টাকা, জানুয়ারিতে তা দাঁড়িয়েছে এক কোটি ৫৫ লাখ টাকায়।

দীর্ঘদিন পর বেতন বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন কর্মীরা। যান্ত্রিক শাখার পরিচ্ছন্নতা কর্মী আনজুমান আরা বলেন, ২০ বছর ধরে একই বেতনে কাজ করছি। এই দুর্মূল্যের বাজারে বেতন বাড়ানোয় আমাদের বড় উপকার হলো। মাস্টাররোলের কর্মচারী আসাদুজজামান একে যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করেন।

রংপুর সিটি প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, অল্প টাকায় সংসার চালানো দুঃসাধ্য। প্রতিষ্ঠানের আয়-ব্যয় বিশ্লেষণ করেই বেতন বাড়ানো হয়েছে। এতে কাজে গতি আসবে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। অনিয়ম রোধে এরই মধ্যে ৬০ জন কর্মীকে বদলি করা হয়েছে বলেও জানান তিনি।