নির্বাচনী অনিয়মের প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রতীকী দাফন

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের প্রতীকী দাফন কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল।

সোমবার বেলা ১১টার দিকে চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রতীকী কবর খুঁড়ে নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনি ও তার সমর্থকেরা।

রায়হান জামিল অভিযোগ করেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী একটি ইউনিয়নে একটি ব্যানার লাগানোর নিয়ম থাকলেও সংশ্লিষ্ট এলাকায় অসংখ্য ব্যানার টাঙানো হয়েছে। একইভাবে একটি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প স্থাপনের বিধান থাকলেও একাধিক ক্যাম্প গড়ে তোলা হয়েছে। এছাড়া প্রকাশ্যে ভোটারদের খিচুড়ি খাওয়ানো, চা দোকানে বিনা মূল্যে চা পরিবেশন, বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং গাড়ি শোডাউন দেয়ার হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর প্রতিবাদ জানাতেই প্রতীকী দাফন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে বক্তব্যে তিনি বলেন, অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বন্ধ করতে হবে। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের জরুরি ও দৃশ্যমান হস্তক্ষেপ প্রয়োজন।