হাদির রেখে যাওয়া কাজ আঞ্জাম দিতে তরুণদের প্রস্তুত থাকতে হবে : মাওলানা শামসুল ইসলাম

Printed Edition
3rd 2
চট্টগ্রামের সাতকানিয়ায় চরতিতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা শামসুল ইসলাম : নয়া দিগন্ত

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শরিফ ওসমান হাদি নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে সর্বস্ব বিলিয়ে দিয়ে দেশে ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম করতে হয়। ৫ আগস্টের পর মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা ছিল, দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায়বিচার ফিরবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়ে ওঠেনি। একটি কল্যাণরাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে কাজ করে আসছে। ওসমান হাদিও চেয়েছিলেন গতানুগতিক ধারার বিপরীতে দাঁড়িয়ে সমাজে ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে। কিন্তু জালিমরা তা সহ্য করতে না পেরে তাকে কাপুরুষের মতো গুলি করে মেরেছে। আমরা চাই, অবিলম্বে খুনীদের বিচার করতে হবে। একইসাথে তার রেখে যাওয়া কাজ আঞ্জাম দিতে দেশের তরুণ প্রজন্মকে প্রস্তুত থাকতে হবে। তিনি গতকাল শুক্রবার সাতকানিয়ার চরতীতে চরতী ইসলামী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডাশনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শামসুল ইসলাম আরো বলেন, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী নিরলস কাজ করে চলেছে। আল্লাহর রহমতে ও জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারলে দেশের দারিদ্র্য বিমোচনে বিশেষ প্রকল্প হাতে নেয়া হবে। দেশকে স্বনির্ভর ও জনগণকে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেয়া হবে। তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীরা দুর্নীতি করে না। দেশের বিশেষ বিশেষ সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে পারলে উন্নত ও কল্যাণমূলক দেশ গড়ার পথ সুগম হবে।

ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ জুনাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, সাতকানিয়া উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুর রহমান, চরতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা: রেজাউল করিম, চরতী ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেম, ফাউন্ডেশনের উপদেষ্টা হাফেজ ঈসা ও ওমর ফারুক প্রমুখ।

একই দিন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শামসুল ইসলাম শহীদ রহিম উদ্দিনের কবর জিয়ারত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আসিফুল্লাহ আরমান, চাকসু জিএস সাঈদ বিন হাবিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সাবেক সভাপতি আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।