চুয়াডাঙ্গার ভোটে ফ্যাক্টর হতে পারে ১৮ হাজার প্রবাসী ও চাকরিজীবী
Printed Edition
চুয়াডাঙ্গা প্রতিনিধি
বিদেশে অবস্থান করেও এবার ব্যালটের মাধ্যমে নিজের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন চুয়াডাঙ্গার প্রবাসীরা। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় কর্মরত সরকারি চাকরিজীবীরাও ডাকযোগে ভোট দেবেন। এ লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার প্রায় ১৮ হাজার ভোটার এরই মধ্যে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন, যা এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলার ১০ হাজার ৫৭৬ জন প্রবাসী ভোটার এবং দেশের অন্যান্য জেলায় কর্মরত সাত হাজার ১০৭ জন সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার আবেদন করেছেন। সব মিলিয়ে ১৭ হাজার ৬৮৩ জন ভোটার নিজ এলাকার বাইরে থেকেও ডাকযোগে নিজেদের ভোট প্রদান করবেন। সিঙ্গাপুরপ্রবাসী ভোটার শাকিল আহমেদ বলেন, ৩২ বছরের প্রবাস জীবনে এই প্রথম দেশের নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন তিনি। দুবাইপ্রবাসী এস এম শাফায়েত উল্লাহ বলেন, যাঁরা মৌলিক অধিকার নিশ্চিত করতে পারবেন, এমন সৎ ও যোগ্য প্রার্থীকেই তাঁরা ভোট দেবেন। আরেক প্রবাসী বকুল আহমেদ জানান, প্রবাসীদের সমস্যা ও সুযোগ-সুবিধা বোঝেন, এমন নেতৃত্বই তাঁদের প্রত্যাশা।