নারী এমপিদের রাজপথেও সক্রিয় থাকার আহ্বান মির্জা ফখরুলের
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বিএনপি সংরক্ষিত নারী এমপিদের সংসদের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি এমপিরা শেরেবাংলানগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পনের পর সাংবাদিকদের কাছে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আশা করি, জাতীয় সংসদে তারা নিজ নিজ ভূমিকা যথাযথভাবে পালনসহ সাহস ও নিষ্ঠার সাথে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন। মেধাবী ও শিক্ষিত তরুণীদের রাজনীতিতে এগিয়ে আসা প্রয়োজন। তরুণ প্রজন্ম তাদের দূরদর্শী ও প্রগতিশীল চিন্তাধারার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নারী এমপিদের সংসদের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় থাকতে বেগম খালেদা জিয়ার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখতে হবে।
এর আগে বেলা ১টায় বিএনপি মহাসচিব, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ নারী এমপিরা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পন করেন।
সংসদে ৫০ সংরক্ষিত আসনে বিএনপির ৩৬ জন নির্বাচিত হয়েছেন। রোববার রাতে সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ হুইপরা উপস্থিত ছিলেন।