কানাডার চীন ঘনিষ্ঠতায় ট্রাম্পের হুঁশিয়ারি
Printed Edition
ইন্ডিয়া টুডে
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থাপনের উদ্যোগে কানাডা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে কানাডা বরং চীনের সাথে তাদের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করছে। ট্রাম্পের দাবি, কানাডা ভুল পথে এগোচ্ছে এবং চীনের সাথে ঘনিষ্ঠতা ভবিষ্যতে তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তার ভাষায়, ‘বন্ধুত্বের আড়ালে চীন এক সময় তাদের গিলে খাবে।’
এ সময় তিনি ইসরাইলসহ আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্যোগকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘গ্রিনল্যান্ডে গোল্ডেন স্থাপনের বিরুদ্ধে কানাডা। যদিও এ গোল্ডেন ডোম কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের এক্ষেত্রে সহায়তা না করে তারা চীনের সাথে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে। যারা কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে।’
দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই কানাডার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি প্রায়ই দেশটির নেতাদের সমালোচনা করেন। চীনের সাথে কয়েকদিন আগে বাণিজ্য চুক্তি করে কানাডা। এতে দুই দেশের কিছু পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে শুল্ক একেবারেই কমিয়ে দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে চুক্তি করেন।