বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী কৃষি খাতের ওপর নির্ভরশীল। কিন্তু কৃষক প্রায়ই তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না, অন্যদিকে ভোক্তাকে একই পণ্য অনেক বেশি দামে কিনতে হয়। এটি বাজারব্যবস্থার মৌলিক অসঙ্গতি।
এই বৈষম্যের পেছনে আছে দীর্ঘ সরবরাহ শৃঙ্খলে মধ্যস্বত্বভোগীর অতিরিক্ত আধিপত্য, মৌসুমি উৎপাদন ও দামের অস্থিরতা, পর্যাপ্ত গুদাম ও সংরক্ষণ সুবিধার অভাব, মানসম্মত গ্রেডিং ও বাজারজাতকরণ ব্যবস্থার দুর্বলতা, নির্ভরযোগ্য বাজার তথ্যের সীমাবদ্ধতা এবং অদক্ষতা। অনেক ক্ষেত্রে কৃষক তাৎক্ষণিক অর্থের প্রয়োজনে বা সংরক্ষণ সুবিধার অভাবে ফসল কাটার মৌসুমেই কম দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন। অথচ পরে একই পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যায় পায়। অর্থনীতির ভাষায় এটি তথ্যের অসমতা (Information Asymmetry), বাজার ব্যর্থতা (Market Failure) এবং দুর্বল বাজার সুশাসনের উদাহরণ- যা কৃষকের আয়, ভোক্তার কল্যাণ এবং সামগ্রিক বাজার দক্ষতা- সবকিছুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
আধুনিক বাজার শুধু ক্রেতা-বিক্রেতার লেনদেন নয়; এটি তথ্য, প্রযুক্তি, প্রতিষ্ঠান ও আস্থার সমন্বিত ব্যবস্থা। এই বাস্তবতায় কমোডিটি এক্সচেঞ্জ স্বচ্ছ মূল্য নির্ধারণ, কৃষকের আয় স্থিতিশীল করা, ব্যবসায়ীদের মূল্যঝুঁকি কমানো এবং ভোক্তার স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কমোডিটি এক্সচেঞ্জ একটি আধুনিক বাজার অবকাঠামো, যেখানে পণ্যের ভবিষ্যৎ মূল্য, সরবরাহ ও চাহিদা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হয়। বাংলাদেশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ ধরনের বাজারব্যবস্থা চালুর উদ্যোগ কৃষি ও পণ্যবাজার সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কমোডিটি এক্সচেঞ্জে কৃষিপণ্য, জ্বালানি, ধাতু ও অন্যান্য মানসম্মত পণ্যের লেনদেন নির্ধারিত নিয়ম, মানদণ্ড ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। শেয়ারবাজারে যেমন শেয়ার কেনাবেচা হয়, তেমনি এখানে গম, চাল, তুলা, স্বর্ণ, অপরিশোধিত তেলসহ বিভিন্ন পণ্যের স্পট, ফরওয়ার্ড ও বিশেষ করে আগাম চুক্তির মাধ্যমে ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ে পূর্বনির্ধারিত দামে কেনাবেচা সম্পন্ন হয়। প্রতিটি লেনদেন কেন্দ্রীয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে নিষ্পত্তি হয় এবং মার্জিন ও দৈনিক হিসাব সমন্বয়ের মাধ্যমে চুক্তি বাস্তবায়নের ঝুঁকি নিয়ন্ত্রণ করা হয়। পাশাপাশি অনুমোদিত গুদাম ও ওয়্যারহাউজ রসিদ ব্যবস্থা পণ্যের মান ও সরবরাহ নিশ্চিত করে।
এই ব্যবস্থায় কৃষক আগাম বিক্রয়চুক্তির মাধ্যমে মূল্যপতনের ঝুঁকি কমাতে পারেন। ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠান ভবিষ্যৎ মূল্য অস্থিরতার ঝুঁকি মোকাবিলা করতে পারে এবং বাজারে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত হয়। একই সঙ্গে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার অংশগ্রহণে স্বচ্ছ মূল্য আবিষ্কার সম্ভব হয়, যা প্রকৃত চাহিদা-যোগানের প্রতিফলন ঘটায় এবং বাজার কারসাজির সুযোগ হ্রাস করে। ফলে যথাযথ নিয়ন্ত্রক কাঠামো, আধুনিক প্রযুক্তি, দক্ষ অবকাঠামো ও নৈতিক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা গেলে কমোডিটি এক্সচেঞ্জ কৃষকের ন্যায্যমূল্য, ভোক্তার স্বার্থ সংরক্ষণ এবং দেশের পণ্যবাজারে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও টেকসই বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উন্নত ও কৃষিনির্ভর দেশগুলোর অভিজ্ঞতা দেখায়, কমোডিটি এক্সচেঞ্জ কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী, স্থিতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুক্তরাষ্ট্রের শিকাগো কমোডিটি বাজারে গম, ভুট্টা, সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্যের ফিউচারস ট্রেডিং কৃষক ও ব্যবসায়ীদের মূল্যঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করছে এবং আন্তর্জাতিক বাজারে নির্ভরযোগ্য মূল্য নির্ধারণের ব্যবস্থা তৈরি করেছে। ভারতেও কমোডিটি এক্সচেঞ্জ কৃষকদের বাজার তথ্য ও বৃহত্তর বাজারে প্রবেশের সুযোগ বাড়িয়েছে। মালয়েশিয়ার পাম অয়েল ফিউচারস বাজার আমদানিনির্ভর দেশগুলোর জন্য মূল্যঝুঁকি মোকাবিলার কার্যকর উদাহরণ। অন্যদিকে ইথিওপিয়ার কমোডিটি এক্সচেঞ্জ ক্ষুদ্র কৃষকদের বাজারের সাথে যুক্ত করা, পণ্যের মান নির্ধারণ ও স্বচ্ছ মূল্যব্যবস্থা প্রতিষ্ঠায় সফল হয়েছে। এসব অভিজ্ঞতা প্রমাণ করে, কমোডিটি এক্সচেঞ্জ শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি কৃষি উন্নয়ন, বাজার সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ হাতিয়ার।
বাংলাদেশ কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও কৃষিপণ্য বাজার ব্যবস্থার আধুনিকায়ন এখনো পিছিয়ে আছে। দীর্ঘ ও অস্বচ্ছ সরবরাহ ব্যবস্থা, বাজার তথ্যের অভাব এবং দুর্বল মূল্য নির্ধারণ প্রক্রিয়ার কারণে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন, আবার ভোক্তারাও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মুখোমুখি হন। কমোডিটি এক্সচেঞ্জ এই সমস্যার প্রাতিষ্ঠানিক সমাধান দিতে পারে। আগাম চুক্তির মাধ্যমে কৃষক ভবিষ্যৎ দামের অনিশ্চয়তা কমিয়ে উৎপাদন আরো পরিকল্পিত করতে পারবেন। তবে এর সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন শক্তিশালী নিয়ন্ত্রণ, মানসম্মত গুদাম ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর লেনদেন, দক্ষ অংশগ্রহণকারী এবং ক্ষুদ্র কৃষকদের জন্য সমবায়, প্রশিক্ষণ ও সহজ আর্থিক সুবিধা।
কমোডিটি এক্সচেঞ্জ বাংলাদেশের পণ্যবাজারে স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং আধুনিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে। তবে এর বাস্তবায়নের পথে বেশ কিছু চ্যালেঞ্জ আছে। কার্যকর কমোডিটি বাজার পরিচালনার জন্য প্রয়োজন শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো ও দক্ষ প্রতিষ্ঠান, যা এখনো পুরোপুরি বিকশিত হয়নি। কৃষক, ব্যবসায়ী ও অন্যান্য বাজার অংশগ্রহণকারীদের মধ্যে এই নতুন ব্যবস্থার বিষয়ে সচেতনতা ও দক্ষতার ঘাটতি রয়েছে। পাশাপাশি বাজারে অতিরিক্ত জল্পনা-কল্পনা, কৃত্রিম সঙ্কট সৃষ্টি, কারসাজি এবং প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য নিয়ন্ত্রণ করাও বড় চ্যালেঞ্জ। কারণ স্বচ্ছ বাজার কাঠামো তৈরি করতে হলে শুধু প্রযুক্তি নয়, প্রয়োজন আস্থা, নৈতিকতা এবং কার্যকর নজরদারি।
বাংলাদেশে কমোডিটি এক্সচেঞ্জ সফলভাবে প্রতিষ্ঠা করতে হলে দীর্ঘমেয়াদি, সমন্বিত ও প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনা গ্রহণ করা অপরিহার্য। আন্তর্জাতিক মানের শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে হবে, যা বাজারে স্বচ্ছতা, প্রতিযোগিতা, জবাবদিহি এবং বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করবে। আধুনিক গুদাম, ওয়্যারহাউস রিসিপ্ট সিস্টেম, পণ্যের মান নির্ধারণ ও গ্রেডিং, পরীক্ষাগার এবং দক্ষ লজিস্টিকস অবকাঠামো গড়ে তুলতে হবে, যাতে আন্তর্জাতিক মান অনুযায়ী পণ্য লেনদেন সম্ভব হয়। একই সাথে ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্ম, নির্ভরযোগ্য বাজার তথ্যব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), বিগ ডেটা (Big Data) ও তথ্য বিশ্লেষণ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে বাজারের মূল্যপ্রবণতা, সরবরাহ পরিস্থিতি এবং অস্বাভাবিক লেনদেন দ্রুত শনাক্ত করার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এই বাজারের সাথে যুক্ত করতে কৃষক সমবায়, সহজ অর্থায়ন, প্রশিক্ষণ এবং ডিজিটাল সক্ষমতা উন্নয়ন অপরিহার্য।
কমোডিটি এক্সচেঞ্জ পরিচালনায় ইসলামী অর্থনৈতিক দর্শন কার্যকর নৈতিক কাঠামো প্রদান করতে পারে। ইসলামের মৌলিক শিক্ষা হলো, বাজারে স্বাধীনতা থাকবে, তবে সেই স্বাধীনতা অবশ্যই ন্যায়, স্বচ্ছতা, সততা ও সামাজিক দায়বদ্ধতার সীমার মধ্যে পরিচালিত হতে হবে। ইসলাম বৈধ ব্যবসা-বাণিজ্য উৎসাহিত করেছে। কিন্তু প্রতারণা, মজুতদারি, কৃত্রিম সঙ্কট সৃষ্টি, তথ্য গোপন, অতিরিক্ত অনিশ্চয়তা এবং জুয়াসদৃশ জল্পনামূলক লেনদেন নিরুৎসাহিত করেছে। ফলে এমন একটি কমোডিটি এক্সচেঞ্জ, যেখানে প্রকৃত পণ্যের ভিত্তিতে স্বচ্ছ তথ্য, ন্যায্য প্রতিযোগিতা এবং কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত হয়, তা ইসলামী বাজারনীতির মৌলিক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন : ‘তোমরা মাপে ও ওজনে ন্যায় প্রতিষ্ঠা করো।’ (সূরা আল-আন’আম : ১৫২) এই নির্দেশনা শুধু ওজন বা পরিমাপের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়; ব্যবসা-বাণিজ্যে সততা, স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার একটি সর্বজনীন নীতি প্রতিষ্ঠা করে। তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে কমোডিটি এক্সচেঞ্জের সাফল্য নির্ভর করবে এর কার্যক্রম বাস্তব অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কতটা সম্পৃক্ত, তার ওপর। বাজার যেন কেবল জল্পনা-কল্পনা বা কাগুজে লেনদেনের মাধ্যমে মুনাফা অর্জনের ক্ষেত্র হয়ে না ওঠে, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন। বাস্তব পণ্যের ডেলিভারির সাথে সম্পর্কহীন অতিরিক্ত ঝুঁকিপূর্ণ লেনদেন, মূল্য কারসাজি, তথ্যের অপব্যবহার এবং কৃত্রিমভাবে মূল্য প্রভাবিত করার প্রচেষ্টা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এ লক্ষ্যে স্বাধীন ও দক্ষ নিয়ন্ত্রক সংস্থা, শক্তিশালী নজরদারি ব্যবস্থা, উন্নত প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং কঠোর আইন প্রয়োগ নিশ্চিত করা অপরিহার্য।
কমোডিটি এক্সচেঞ্জ বাস্তবায়নের জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও কার্যকর সুশাসন অপরিহার্য। বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতায় কমোডিটি এক্সচেঞ্জের নকশা প্রণয়নের ক্ষেত্রে ইসলামী অর্থনীতির ন্যায়, সততা, স্বচ্ছতা ও সামাজিক কল্যাণভিত্তিক মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেয়া প্রয়োজন। বাস্তব পণ্যের ভিত্তিতে লেনদেন, তথ্যের পূর্ণাঙ্গ প্রকাশ, অতিরিক্ত জল্পনা-কল্পনা ও বাজার কারসাজি নিয়ন্ত্রণ এবং নৈতিক ব্যবসায়িক আচরণ নিশ্চিত করা গেলে এই বাজারব্যবস্থা আধুনিক অর্থনৈতিক দক্ষতা ও ইসলামী বাজারনীতির মধ্যে কার্যকর সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।
সুতরাং কমোডিটি এক্সচেঞ্জ কোনো তাৎক্ষণিক সমাধান নয়; এটি দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সংস্কার। সঠিক নীতিমালা, দক্ষ নিয়ন্ত্রণ, আধুনিক প্রযুক্তি, শক্তিশালী অবকাঠামো এবং নৈতিক বাজার সংস্কৃতির সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ একটি আধুনিক, স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও অন্তর্ভুক্তিমূলক পণ্যবাজার গড়ে তুলতে সক্ষম হবে। এর মাধ্যমে কৃষকের আয় বাড়ানো, বিনিয়োগ সম্প্রসারণ, শিল্পের কাঁচামাল সরবরাহে স্থিতিশীলতা, ভোক্তার স্বার্থ সংরক্ষণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হতে পারে।
লেখক : অর্থনীতিবিদ, গবেষক ও কলামিস্ট