বাজার সিন্ডিকেট বলতে আমরা যা বুঝি, তা কেবল ব্যবসায়িক সমঝোতা নয়; এটি বাজার-দর্শনের গভীরে বিদ্যমান নৈতিক ও কাঠামোগত সঙ্কট। যখন বাজারের বড় কয়েকজন উৎপাদক, আমদানিকারক বা পাইকার গোপন সমঝোতার মাধ্যমে প্রতিযোগিতা সীমিত করে এবং সম্মিলিতভাবে মূল্য ও সরবরাহ নিয়ন্ত্রণ করে, তখন তা হয়ে ওঠে সিন্ডিকেট। অর্থনৈতিক তত্ত্বের ভাষায় এটি মূলত কার্টেল কাঠামোর একটি রূপ। কিন্তু দর্শনের ভাষায়, স্বাধীনতার ছদ্মবেশে ক্ষমতার সংগঠন।
কার্টেল কী? কার্টেল হলো এমন এক চুক্তিভিত্তিক অঘোষিত জোট, যেখানে একই পণ্য বা সেবা বিক্রি করা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা স্থগিত করে মূল্য নির্ধারণে একমত হয়। তারা উৎপাদন বা সরবরাহ সীমিত রাখে। নিজেদের মধ্যে বাজার ভাগ করে নেয় এবং নতুন প্রতিযোগীর প্রবেশে গড়ে তোলে অদৃশ্য প্রাচীর। ফলে বাজার আর উন্মুক্ত থাকে না, পরিণত হয় ক্ষমতার সমন্বিত স্থাপত্যে।
এখানে বিপন্ন হয় প্রতিযোগিতা, যা মুক্তবাজার তত্ত্বে ন্যায় ও দক্ষতার পূর্বশর্ত। ধ্রুপদ অর্থতত্ত্বে অনেকেই বাজারকে কল্পনা করেছেন এক স্বতঃস্ফূর্ত নৈতিক প্রক্রিয়া হিসেবে। যেখানে ব্যক্তিগত স্বার্থের অনুসরণ সামষ্টিক কল্যাণে রূপ নেয়। কিন্তু এই ধারণা তখনই কার্যকর, যখন বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা থাকবে, তথ্য হবে স্বচ্ছ, প্রবেশাধিকার হবে উন্মুক্ত এবং কেউ এককভাবে মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। কার্টেল এই নৈতিক স্থিতি ভেঙে দেয়।
বাজার সিন্ডিকেটের প্রথম বৈশিষ্ট্য হলো সরবরাহ সীমিত রাখা। ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে পণ্যের প্রবাহ কমিয়ে দেয়। সেটা করে গুদামে মজুদ রেখে, আমদানিকে বিলম্বিত করে, পরিবহনকে ধীর করে। ফলে দেখা যায় চাহিদা অপরিবর্তিত আছে বা বেড়েছে, কিন্তু বাজারে সঙ্কটের অনুভূতি তৈরি হয়েছে। এখানে সঙ্কট কেবল পরিমাণগত নয়; এটি মনস্তাত্ত্বিকও। তখন বাস্তবের চেয়ে অভাবের ধারণা বড় হয়ে ওঠে। মানুষ বস্তু নয়, ভয়ের প্রতিক্রিয়ায় কিনতে শুরু করে।
দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কৃত্রিম সঙ্কট সৃষ্টি। সঙ্কট সবসময় বাস্তব উৎপাদন-ঘাটতির ফল নয়। অনেক সময় এটি তথ্যের কৌশল। গুজব ছড়ানো হয়, আন্তর্জাতিক বাজারের অজুহাত দেয়া হয়, মুদ্রা বিনিময় হারের অস্থিরতা অতিরঞ্জিত করা হয়। তথ্য এখানে জ্ঞান নয়, অস্ত্র।
তৃতীয় বৈশিষ্ট্য হলো মূল্য নির্ধারণে পারস্পরিক সমন্বয়। স্বাভাবিক বাজারে প্রতিযোগিতা পণ্যের মূল্য কমায়। সিন্ডিকেটে প্রকাশ্যে দাম এক থাকে, আড়ালে মূল্যচুক্তি হয়, ডিসকাউন্ট বন্ধ রাখা হয়। ভোক্তার সামনে প্রকৃত বিকল্প থাকে না।
এই কাঠামো কেন অর্থনৈতিকভাবে ক্ষতিকর? প্রথমত, এতে ভোক্তা উদ্বৃত্ত কমে যায়- অর্থাৎ যে সুবিধা ভোক্তা কম দামে পেত, তা হারিয়ে যায়। দ্বিতীয়ত, সামাজিক কল্যাণ হ্রাস পায়; বাজার দক্ষতা নষ্ট হয়। তৃতীয়ত, আয় বৈষম্য বাড়ে; অতিরিক্ত মুনাফা অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়। অর্থনীতির ভাষায় এটি স্পষ্ট বাজার ব্যর্থতা । দর্শনের ভাষায় ন্যায়ের পতন।
বাজার কেবল পণ্যের বিনিময়ক্ষেত্র নয়। বাজার একই সাথে আস্থা, নৈতিকতা এবং ক্ষমতার বিন্যাস। যখন বাজার সিন্ডিকেট জন্ম নেয়, তখন বাজারের চুক্তিগত স্বাধীনতা ক্ষমতার গোপন চুক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং বাজার সিন্ডিকেটকে বুঝতে হলে কেবল সরবরাহ ও চাহিদার রেখাচিত্র জানাই যথেষ্ট নয়; বুঝতে হবে মানুষের মনস্তত্ত্ব, তথ্যের রাজনীতি এবং ক্ষমতার অর্থনীতি। কারণ বাজার তখনই সত্যিকার অর্থে মুক্ত, যখন প্রতিযোগিতা বাস্তব, তথ্য স্বচ্ছ এবং শক্তি বিকেন্দ্রীভূত। অন্যথায় বাজার এক অদৃশ্য কারাগার।
মুক্তবাজার ও কার্টেল অর্থনীতির দ্বন্দ্বকে নিছক অর্থনীতির তাত্ত্বিক পার্থক্য মনে করা ঠিক নয়। এটি মানবস্বাধীনতা ও ক্ষমতার কাঠামো ঘিরে এক গভীর দার্শনিক প্রশ্ন। বাজার কি স্বতঃস্ফূর্ত নৈতিক সমন্বয়ের ক্ষেত্র, নাকি সংগঠিত স্বার্থের নিয়ন্ত্রিত পরিসর? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় ক্লাসিক্যাল অর্থনীতির গোড়ায়। অষ্টাদশ শতকে স্কটিশ দার্শনিক-অর্থনীতিবিদ এডাম স্মিত দেখান, যদি বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে, তবে কেউ এককভাবে মূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না। চাহিদা ও জোগানের স্বাভাবিক সমন্বয়ে একটি সমতামূল্য নির্ধারিত হবে। প্রত্যেকে নিজের স্বার্থে কাজ করলেও, সেই স্বার্থপরতা একটি বৃহত্তর সামাজিক কল্যাণে রূপ নেবে। সেখানে অদৃশ্য এক হাত যেন স্বার্থকে সমন্বয় করে ন্যায্যতার দিকে নিয়ে যাবে।
এই ধারণার সাথে আমরা পুরোপুরি একমত নই নানা কারণে। তবে এই ধারণার অন্তরে একটি নৈতিক বিশ্বাস কাজ করে। সেটা হলো মানুষের ব্যক্তিগত প্রেরণা যদি কাঠামোগতভাবে সীমাবদ্ধ ও ভারসাম্যপূর্ণ থাকে, তবে তা সমাজের জন্য ক্ষতিকর নয়; বরং উপকারী। মুক্তবাজার এখানে কেবল অর্থনৈতিক বিনিময় নয়, বরং স্বাধীনতার অনুশীলন। প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং দক্ষতার পরীক্ষা। মূল্য এখানে ক্ষমতার ফল নয়, বরং পারস্পরিক সমঝোতার ফল।
কিন্তু এই তত্ত্ব কার্যকর হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত প্রয়োজন। প্রথমত, তথ্যের স্বচ্ছতা। সব ক্রেতা ও বিক্রেতা যেন মূল্য ও পণ্যের মান সম্পর্কে সমানভাবে অবগত থাকে। জ্ঞানের অসমতা বাজারকে দ্রুত বিকৃত করে। দ্বিতীয়ত, প্রতিযোগিতার স্বাধীনতা। নতুন ব্যবসায়ী সহজে বাজারে প্রবেশ করতে পারবে, পুরোনো ব্যবসায়ী সহজে বেরিয়ে যেতে পারবে। তৃতীয়ত, প্রবেশ ও প্রস্থানের বাধা কম থাকতে হবে। কোনো একচেটিয়া নিয়ন্ত্রণ বা অদৃশ্য প্রাচীর থাকলে চলবে না। চতুর্থত, রাষ্ট্রীয় নিরপেক্ষতা। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হবে, কারও প্রতি পক্ষপাত থাকবে না। এই শর্তগুলো ভেঙে গেলে মুক্তবাজার তার নৈতিক ভিত্তি হারায়।
এখানেই আসে কার্টেল অর্থনীতির প্রশ্ন। যখন বাজারে বড় কয়েকটি প্রতিষ্ঠান অধিকাংশ সরবরাহ নিয়ন্ত্রণ করে, তখন অলিগোপলি (Oligopoly) সৃষ্টি হয়।
স্বাধীন বাজারে সামাজিক কল্যাণ তুলনামূলকভাবে উচ্চ; কার্টেলে তা নিম্নমুখী, হ্রাসপ্রাপ্ত। এই দ্বন্দ্ব আসলে অর্থনীতির চেয়েও বড়। এটি ন্যায় বনাম নিয়ন্ত্রণের প্রশ্ন। স্বাধীন বাজারের দর্শন বিশ্বাস করে, বিকেন্দ্রীভূত সিদ্ধান্ত সমাজকে ভারসাম্যের দিকে নিয়ে যায়। কার্টেল অর্থনীতি দেখায়, কেন্দ্রীভূত সমঝোতা সেই ভারসাম্য ভেঙে দিতে পারে। ফলে অনেকের মতে, কার্টেল অর্থনীতি সিন্ডিকেটের কাঠামোকে দরোজা খুলে আমন্ত্রণ জানায়।
বস্তুত সিন্ডিকেটের কাঠামো দাঁড়ায় অনেক স্তম্ভের ওপর। কয়েকটি স্তম্ভ তো একেবারে সুস্পষ্ট। যেমন- ক. পুঁজির শক্তি। বড় মূলধনী ব্যবসায়ী গোষ্ঠী বাজারে প্রভাব বিস্তার করে। তারা আমদানি লাইসেন্স নিয়ন্ত্রণ করে, ব্যাংকিং সুবিধা সহজে পায় এবং বড় আকারে পণ্য মজুদ করতে পারে।
খ. প্রশাসনিক প্রভাব। যদি নিয়ন্ত্রক সংস্থা দুর্বল বা প্রভাবিত হয়, তখন তদন্ত কার্যকর হয় না, জরিমানা প্রতিরোধমূলক থাকে না এবং আইন প্রয়োগ হয় সিলেক্টেড।
গ. নীতিনির্ধারণে প্রবেশাধিকার। কিছু ব্যবসায়ী গোষ্ঠী ট্যারিফ নির্ধারণ, কোটা ব্যবস্থা এবং আমদানিনীতি নিজের সুবিধামতো সাজিয়ে বাজারে প্রবেশের বাধা তৈরি করে। এর ফলে প্রতিযোগিতা কমে যায় এবং বাজারের কার্যকারিতা হ্রাস পায়।
বাংলাদেশের বাজার প্রধানত আমদানিনির্ভর। এখানকার বাজার তথ্য-অসমতা প্রবণ। এখানকার অর্থনীতি আংশিক প্রতিযোগিতামূলক। ফলে এখানে সিন্ডিকেটকে সরল একটি গোপন সমঝোতা হিসেবে দেখা যায় না। বরং এটি এক সুসংগঠিত নেটওয়ার্কের মতো কাজ করে। অর্থনীতির ভাষায় এটি কেবল সরবরাহ নিয়ন্ত্রণ নয়; এটি একটি সমন্বিত কাঠামো। যেখানে সরবরাহ চেইন, তথ্যপ্রবাহ, আর্থিক লেনদেন এবং রাজনৈতিক প্রভাবের মতো বিষয়গুলো পরস্পর সংযুক্ত থাকে।
এমনতরো বাজারে কাজ করে সিন্ডিকেটের অনেক স্তর। প্রথম স্তর হলো সরবরাহ নিয়ন্ত্রণ। তারা পণ্য মজুদ করে (Hoarding), গুদামে পণ্য আটকে রাখে এবং কাগজে-কলমে স্টক স্বাভাবিক দেখায়। কৃত্রিম ঘাটতি তৈরি করে। তারপর ধীরে ধীরে বাজারে ছেড়ে দেয়। চাহিদা স্থিতিশীল থাকলেও সরবরাহ কমালে বাজারে সমতামূল্য (Equilibrium Price) বৃদ্ধি পায়। এই মূল্যবৃদ্ধি বাস্তব উৎপাদন ঘাটতির কারণে নয়, বরং পরিকল্পিত Supply Shock-এর কারণে। এ ছাড়া আমদানি সময় নিয়ন্ত্রণের মাধ্যমে- এলসি খোলার বিলম্ব, পণ্য খালাসে ধীরগতি এবং পরিবহন সঙ্কটের অজুহাত সিন্ডিকেট বাজারে চাপ তৈরি করে।
দ্বিতীয় স্তর হলো তথ্য নিয়ন্ত্রণ। আধুনিক অর্থনীতিতে তথ্য একটি শক্তি। তথ্যের অসমতা থাকলে বাজার সহজে নিয়ন্ত্রিত হয়। সিন্ডিকেট সাধারণত গুজব ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। আন্তর্জাতিক বাজারের মূল্যবৃদ্ধি, ডলার সঙ্কট, আমদানি জট বা বৈদেশিক নিষেধাজ্ঞার মতো বিষয়কে কাজে লাগায়।
ভোক্তা যদি ভবিষ্যতে মূল্য বাড়বে বলে মনে করে, তারা আগাম বেশি কিনতে শুরু করে, ফলে সাময়িক চাহিদা বেড়ে যায় এবং মূল্য আরো বাড়ে। অর্থনীতিতে এটি Expectations-driven Inflation নামে পরিচিত। দর্শনের বিচারে এটি মানুষের বিশ্বাস ও প্রত্যাশার ওপর বাজারশক্তির প্রয়োগ। মিডিয়া ও বাজারের সঙ্কেত ব্যবহারের মাধ্যমে সঙ্কটের মনস্তত্ত্ব আরো জোরদার করা হয়।
তৃতীয় স্তর হলো মধ্যস্বত্বভোগী নেটওয়ার্ক। সিন্ডিকেট এককভাবে কাজ করে না; এটি চেনভিত্তিক। সরবরাহ চেনের স্তরগুলো হলো : আমদানিকারক, বড় পাইকার, আড়তদার, পরিবেশক এবং খুচরা বিক্রেতা। শীর্ষ স্তরে সমঝোতা থাকলে নিচের স্তরগুলো বাধ্য হয়ে একই মূল্য কাঠামো অনুসরণ করে। পাইকারদের নির্দিষ্ট মূল্যে পণ্য দেয়া হয়, মূল্য কমালে সরবরাহ বন্ধের হুমকি থাকে এবং বিকল্প উৎস সীমিত থাকে। ফলে খুচরা বিক্রেতা কম দামে বিক্রি করতে পারে না।
চতুর্থ স্তর হলো রাজনৈতিক সুরক্ষা। প্রশাসনিক প্রভাব ব্যবহারের মাধ্যমে সিন্ডিকেটকে শাস্তিমূলক পদক্ষেপ থেকে রক্ষা করা হয়। তদারকি সংস্থা শিথিল থাকে, অভিযানের খবর আগে থেকে জানিয়ে দেওয়া হয় এবং মামলার বিচার ধীরগতিতে চলে । পাশাপাশি, নীতিনির্ধারণে প্রভাব খাটিয়ে আমদানি শুল্ক, কোটা বা লাইসেন্স নীতিতে প্রবেশ বাধা তৈরি করা হয়। যখন নিয়ন্ত্রক সংস্থা ব্যবসায়ীর স্বার্থ দ্বারা প্রভাবিত হয়, তখন বাজারের স্বাভাবিক নিয়ন্ত্রণ কার্যত অকার্যকর হয়ে পড়ে। এই যে চতুর্মুখী প্রক্রিয়া, রাজনৈতিক সুরক্ষা, সরবরাহ নিয়ন্ত্রণ, তথ্য নিয়ন্ত্রণ ও মধ্যস্বত্বভোগী নেটওয়ার্ক- তা যখন একত্রিত হয়, তখন বাজার একটি সুসংগঠিত নিয়ন্ত্রিত কাঠামোতে রূপান্তরিত হয়।
এর অর্থনৈতিক ফলাফল বিস্তৃত। মূল্য স্থায়ীভাবে উচ্চ থাকে, মুদ্রাস্ফীতি দীর্ঘমেয়াদি হয়, নিম্নআয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আয় বৈষম্য বৃদ্ধি পায়।
ব্যাপারগুলো কীভাবে ঘটে? প্রথমত, মুদ্রাস্ফীতি বাড়ে। ভোক্তা মূল্যসূচক (CPI) দ্রুত বৃদ্ধি পায়। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বাড়ে। তখন উচ্চ মজুরির দাবি জন্মায়, উৎপাদন খরচ বেড়ে যায় এবং অন্যান্য পণ্যের মূল্যও বাড়ে। যদি বাজারে বিশ্বাস জন্মে যে দাম আরো বাড়বে, তখন ব্যবসায়ীরা আগেই দাম বাড়ায় এবং ভোক্তা আগাম কেনাকাটা শুরু করে। এটি প্রত্যাশার মনস্তত্ত্ব ব্যবহার করে বাজার নিয়ন্ত্রিত করে।
দ্বিতীয়ত, আয় বৈষম্য বৃদ্ধি। সিন্ডিকেটভুক্ত ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা অর্জন করে, নিম্ন ও স্থির আয়ের মানুষ প্রকৃত আয় হারায়। মূল্যবৃদ্ধির হার মজুরি বৃদ্ধির তুলনায় বেশি হলে প্রকৃত মজুরি কমে যায়, দারিদ্র্য বৃদ্ধি পায়, মধ্যবিত্তের সঞ্চয় ক্ষয় হয়। সম্পদ একদল ব্যবসায়ীর হাতে কেন্দ্রীভূত হলে অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক প্রভাব, নীতিনির্ধারণের ক্ষমতা সব একই গোষ্ঠীর হাতে চলে যায়- যা অর্থনীতির ভারসাম্য ধ্বংস করে এবং সামাজিক ন্যায়ের জন্য তৈরি করে গুরুতর চ্যালেঞ্জ।
তৃতীয়ত, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিম্নআয়ের মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করে। যা রাজনৈতিক প্রতিবাদের সূচনা ঘটায় এবং রাষ্ট্র ও বাজারের ওপর আস্থা ক্ষতিগ্রস্ত করে।
সার্বিকভাবে, বাজার সিন্ডিকেট কেবল অর্থনৈতিক কৌশল নয়; এটি একটি নৈতিক, রাজনৈতিক এবং দার্শনিক চ্যালেঞ্জ। এটি স্পষ্ট যে, বাজার তখনই কার্যকর হয় যখন তার ভিত্তি হয় স্বাধীনতা, স্বচ্ছতা ও ন্যায়। যেখানে সিন্ডিকেটের পক্ষে রাজনৈতিক সুরক্ষা থাকে, তথ্যের অসমতা থাকে এবং শক্তির সমন্বয় থাকে, সেখানে বাজার হয়ে ওঠে মানুষের বিশ্বাস, প্রত্যাশা এবং ক্ষমতার ওপর পরিচালিত এক নিয়ন্ত্রিত বাস্তবতা। সে জীবনের জন্য তৈরি করে নাভিশ্বাস।
লেখক : কবি, গবেষক