রাজবাড়ী জেলা সদর হাসপাতালসহ পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭ শতাংশ চিকিৎসকের পদ শূন্য। এর মধ্যে অনেকে জেলার বাইরে বিভিন্ন হাসপাতালে সংযুক্তিতে চলে গেছেন। চিকিৎসক সঙ্কটে বন্ধ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার। ডাক্তার না থাকায় গুরুতর অসুস্থ রোগীকে যেতে হয় ফরিদপুর অথবা ঢাকায়। এতে সময় ক্ষেপণে মারা যান অনেক রোগী। একটি সহযোগী দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাজবাড়ীতে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় এক দিকে যেমন সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, অন্য দিকে কর্তব্যরত ডাক্তারদের অমানবিক পরিশ্রম করতে হচ্ছে। হাসপাতালগুলোতে প্যাথলজিসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র থাকলেও চিকিৎসক সঙ্কটে সেগুলো দিয়ে নিয়মিত সেবা দেয়া সম্ভব হচ্ছে না।
রাজবাড়ী সিভিল সার্জন ও রাজবাড়ী সদর হাসপাতাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলা সদর হাসপাতালসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট চিকিৎসকের পদ রয়েছে ১৫৯টি। এর মধ্যে ৭৩ চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ১৭ চিকিৎসক জেলার বাইরে বিভিন্ন হাসপাতালে সংযুক্তিতে রয়েছেন। সবমিলিয়ে জেলায় চিকিৎসকের শূন্য পদের হার ৫৭ শতাংশ। রাজবাড়ী জেলার সরকারি হাসপাতালগুলোতে বাস্তবতা হলো- চিকিৎসক সঙ্কট থাকার পরও তদবির করে ব্যক্তি সুবিধায় অন্যত্র সংযুক্তিতে আছেন বেশ কয়েকজন চিকিৎসক।
এ ব্যাপারে রাজবাড়ীর সিভিল সার্জন এস এম মাসুদ বলেন, সিভিল সার্জন অফিসের আওতাধীন ১৭ চিকিৎসক ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে সংযুক্তিতে আছেন। এ ছাড়া বেশ কিছু শূন্যপদও রয়েছে। এ শূন্যপদ ও সংযুক্তি থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালগুলোতে যাতে নতুন চিকিৎসক নিয়োগ দেয়া হয়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) আবু হানিফ বলেন, রাজবাড়ী থেকে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে যারা সংযুক্তিতে আছেন তাদের কাগজপত্রাদি যাচাই-বাছাই করা হবে। তা ছাড়া চিকিৎসকদের শূন্যপদ পূরণের দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা- এই পাঁচটি মানুষের মৌলিক অধিকার। এর মধ্যে চিকিৎসা বিশেষ গুরুত্বপূর্ণ। অথচ রাজবাড়ীবাসীর মতো আমাদের দেশের বেশির ভাগ মানুষ চিকিৎসাসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
রাজবাড়ীতে যেমন চিকিৎকের বেশির ভাগ পদ শূন্য, দেশের অনেক স্থানে অবস্থা আরো খারাপ। তাই চিকিৎসাসেবা ব্যাহত হয় এ নিয়ে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। আমরা রাজবাড়ীসহ সারা দেশের স্বাস্থ্যসেবায় সমস্যা সুরাহায় সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করছি।