স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকসুদ জাহেদী বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং সম্ভাবনাকে বাস্তবায়ন করা সম্ভব হবে।

সোমবার বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষ্যে নগর ভবন প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে স্থানীয় সরকার বিভাগের সচিব এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সচিব বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রাকে ইউনেস্কো কর্তৃক ‘মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করেছে। আজকের এই আনন্দ শোভাযাত্রায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে, যা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার পথে আমাদের অগ্রগামী করবে।

সকালে আনন্দ শোভাযাত্রা দিয়ে দক্ষিণ সিটি করপোরেশন -এর বর্ষবরণ উৎসব শুরু করা হয়। আনন্দ শোভাযাত্রাটি নগর ভবন থেকে আরম্ভ করে গোলাপ শাহ -এর মাজার প্রদক্ষিণ করে পুলিশ সদর দফতর হয়ে নগর ভবনে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার পাশাপাশি অঞ্চলভিত্তিক ১০ টি স্টলে প্রায় ১৫০ রকমের দেশীয় খাবার প্রদর্শন করা হয়। এ ছাড়াও উৎসব মঞ্চে সংগীত, নৃত্য এবং নাটিকার আয়োজন করা হয়। নগর ভবনের সম্মুখ প্রাঙ্গণে ঘুড়ি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব।

সূত্র : বাসস