বাংলাদেশ বিমানবাহিনীর ৭১ নম্বর স্কোয়াড্রনে নব স্থাপিত জিএম ৪০৩এম আকাশ প্রতিরক্ষা র‌্যাডারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) এই আকাশ প্রতিরক্ষা র‌্যাডারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আকাশ প্রতিরক্ষা র‌্যাডারের উদ্বোধন করেন।

বিমানবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এ আকাশ প্রতিরক্ষা র‌্যাডারটি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হলো। ‘বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই অঙ্গীকারে আরো একধাপ এগিয়ে গেল বাংলাদেশ বিমানবাহিনী। নতুন অন্তর্ভুক্ত র‌্যাডারটি বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও, অত্যাধুনিক এ র‌্যাডারটি বিমানবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

এ উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।