আগামী জুলাইয়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলাম সরকার এ কথা জানান।

তিনি বলেন, ‘শপথ নেয়ার পর থেকেই আমরা নির্বাচন আয়োজনের বিভিন্ন কাজ শুরু করেছি। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন কাজ এরইমধ্যে শুরু করেছি।’

ডিসেম্বরকে ঘিরেই নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার জানান, সরকারঘোষিত সময়সীমা ঘিরেই তারা এগোচ্ছেন। সেটি হচ্ছে ডিসেম্বর।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এখন থেকে আগামী তিন মাসের মধ্যে প্রি ওয়ার্কগুলো হয়ে যাবে। সরকারঘোষিত টাইমলাইন মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি আমরা।’

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে নির্বাচন সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমি বেশকিছু জেলায় ভিজিট করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছে, তারা আরো ইমপ্রুভ করবে। আইনশৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে।’

আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার আগে অংশীজনদের সাথে মতবিনিময় করতে হবে। নতুন যেসব দল নিবন্ধন পাবে এবং পুরানো দল- সবাইকে নিয়ে মতবিনিময় করতে চান তারা। নিবন্ধনের কাজ শেষ করা না হলে নতুন রাজনৈতিক দলগুলোর ভেতরে কষ্ট থাকবে। সেদিক বিবেচনা করে, ইসি সঠিক সময়ে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে।’

আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে বিভিন্ন বক্তব্যে জানিয়ে আসছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ তার নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের সদস্যরা।

সূত্র : বিবিসি