বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নামকরণের আইনগত ভিত্তি দেয়া হয়েছে। রোববার (১৩ এপ্রিল) এ সংক্রান্ত একটি গ্যাজেট প্রকাশ করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
গ্যাজেটে নাম পরিবর্তনের পক্ষে বলা হয়েছে, যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনটি সংশোধন করা সমীচীন ও প্রয়োজনীয় এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে সন্তোষজনকভাবে প্রতীয়মান হয়েছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে; সেহেতু বাংলাদেশ সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে, রাষ্ট্রপতি (নিম্নরূপ) অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন।
গ্যাজেটে বলা হয়, এই অধ্যাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব শব্দগুলোর পরিবর্তে ‘বাংলাদেশ’ শব্দ প্রতিস্থাপিত হবে।
অনেকগুলো পূর্ণাঙ্গ শিরোনাম সংশোধনী উল্লেখ করে বলা হয়, এখন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় রাখা হয়েছে। এই আইনটি অবিলম্বে কার্যকর হবে।
গ্যাজেটে বলা হয়েছে, এই অধ্যাদেশ প্রবর্তনের সাথে সাথে উক্ত আইনের অধীন প্রণীত কোনো বিধি, সংবিধি, প্রবিধান, অধ্যাদেশ বা অন্য কোনো আইনগত দলিল বা জারিকৃত কোনো বিশেষ বা সাধারণ আদেশ, বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন বা সম্পাদিত কোনো দলিলে, প্রসঙ্গের প্রয়োজন অন্যরূপ না হইলে উল্লিখিত বঙ্গবন্ধু শেখ মুজিব শব্দগুলোর পরিবর্তে বাংলাদেশ শব্দ প্রতিস্থাপতি হবে।