আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক নারী। এতে তার আট বছর বয়সী সন্তানের মৃত্যু হলেও প্রাণে বেঁচে গেছেন তিনি। তবে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাদ্য গুদামের পাশের ইছামতী খালে এ ঘটনা ঘটে।
নিহত শিশু রাইছা উপজেলার বারখাইন ইউনিয়নের প্রবাসী কায়সারের মেয়ে এবং একটি কিন্ডারগার্টেন স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মা জান্নাতুল ফেরদৌস (৩২) ও মেয়ে রাইছাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু নিশ্চিত করেন।
নিহতের নানি অভিযোগ করেন, পারিবারিক নির্যাতনের কারণে এ ঘটনা ঘটেছে। তবে শ্বশুরবাড়ির পক্ষ দাবি করেছে, স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আহত মাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।