বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন- সেইসব ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে আজ এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়দের চিহ্নিত নাম ফলক উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। মহাপরিচালক তার বক্তব্যে তারকা খেলোয়াড়দের আলোকিত মানুষ হিসেবে অভিহিত করেন এবং তাদের কারণেই বিকেএসপি তথা দেশ আলোকিত হয়ে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত কিংবদন্তি খেলোয়াড়দের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিকেএসপি উত্তরীয় পরিয়ে দেয়া হয়। অডিও ভিজ্যুয়ালের অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সাথে নিয়ে র‌্যালিতে অংশ নেন এবং বিকেএসপির প্রশাসনিক ভবনের বিপরীত পার্শ্বে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন করেন। লিজেন্ডদের নামের তালিকা উন্মোচনের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে এবং ক্রীড়াক্ষেত্রে আরো মনোনিবেশ করবে বলে মহাপরিচালক মনে করেন।

অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়।

লিজেন্ড তালিকায় যারা আছেন- আর্চারি- মো: হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ ও মো: সাগর ইসলাম, অ্যাথলেটিক্সে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো: জহির রায়হান ও শিরিন আক্তার।

ক্রিকেটে- এ এম নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মুমিনুল হক সৌরভ, লিটন দাস ও মারুফা আক্তার।

ফুটবলে- মো: মাসুদ রানা, হাসান আল মামুন, মো: মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো: জাহিদ হাসান এমিলি, মো: জাহিদ হোসেন, মো: মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আখি খাতুন, মো: রহমত মিয়া, ঋতুপর্না চাকমা, আফাইদা খন্দকার ও শেখ মোরসালিন, হকিতে আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মো: মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো: মামুনুর রহমান চয়ন।

শ্যূটিংয়ে- আসিফ হোসেন খান, শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি। সাঁতারে- মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা।

বাস্কেটবলে- মিঠুন কুমার বিশ্বাস, মো: সামসুজ্জামান খান ও মোঃ খালেদ মাহমুদ আকাশ।

বক্সিংয়ে- মো: আব্দুর রহিম ও টেনিসে- এস কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।