জুনিয়র এশিয়া কাপ হকিতে পুল পর্বটা জয় দিয়ে শেষ করতে পারল না বাংলাদেশ। বুধবার তিনজিয়ানে পুল ‘বি’র শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। চার ম্যাচে এটি বাংলাদেশের তৃতীয় হার।
চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে মালয়েশিয়ার কাছে হারে ৪-২ গোলে। এরপর কাজাখস্তানকে একই ব্যবধানে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় লাল-সবুজের দলটি।
তবে শেষ ম্যাচে আজ বুধবার পাকিস্তানের বিপক্ষে সেই জয়ের ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। শুরুতেই পিছিয়ে পড়ে আর ম্যাচে ফিরতে পারেনি তায়েব-মাহাদীরা।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য দেখায় পাকিস্তান। প্রথম কোয়ার্টারেই রানা ওয়ালিদের জোড়া ফিল্ড গোলে দুই গোলের লিড নেয় তারা। প্রথম ১৫ মিনিটেই চাপে পড়ে যায় বাংলাদেশের রক্ষণ।
দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কিছুটা গোছানো ফুটবল খেললেও গোলের মুখ খুলতে পারেনি বাংলাদেশ। আক্রমণে কয়েকবার উঠলেও পাকিস্তানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। অন্যদিকে পাকিস্তানও এই সময়ে ব্যবধান বাড়াতে পারেনি।
শেষ কোয়ার্টারে ম্যাচে ফেরার বদলে আরো পিছিয়ে পড়ে বাংলাদেশ। পাল্টা আক্রমণ থেকে তৃতীয় গোলটি করে পাকিস্তান। সতীর্থের উঁচু করে বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে জোরালো হিটে লক্ষ্যভেদ করেন গুলাম মুস্তাফা।
শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ফলে এখন আর শিরোপার লড়াইয়ে থাকার সুযোগ নেই তাদের।
আসরের পরবর্তী ম্যাচে স্থান নির্ধারণী লড়াইয়ে মাঠে নামবে তায়েব-মাহাদীদের দল।