‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত লড়াই হবে আগামীকাল শনিবার।

পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী। অন্যদিকে নারী বিভাগের ট্রফি জয়ের লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ।

আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে উভয় বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরুষ দলের ফাইনাল ম্যাচটি বিকেল ৪টায় এবং নারী দলের ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলম।

আজ শুক্রবার (২ জানুয়ারি) উভয় বিভাগের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে বিজিবির প্রতিপক্ষ ‍ছিল বাংলাদেশ আনসার। ম্যাচটি ছিল আসরের অন্যতম সেরা ম্যাচ। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গঠিত বিজিবি ও আনসার দল মাঠের লড়াইয়ে একে অপরকে বিন্দু পরিমাণ ছাড় দেয়নি। প্রথমার্ধে ১৬-১৫ পয়েন্টে এগিয়ে ছিল আনসার। বিরতির পর বিজিবি একবার আনসারকে অলআউট করে লিড নিলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় নির্ধারিত সময়ের খেলা ৩২-৩২ পয়েন্টে সমতায় শেষ হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে স্নায়ুচাপ ধরে রেখে বিজিবিকে ৩৯-৩৫ ব্যবধানে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ আনসার।

দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য লড়াই ছিল একপেশে। বাংলাদেশ পুলিশ দলের দাপটে দাঁড়াতেই পারেনি রাঙ্গামাটির মেয়েরা। প্রথমার্ধে ৩১-৬ পয়েন্টে এগিয়ে থাকা পুলিশ ম্যাচটি জিতে নেয় ৬২-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে বিজিবির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ নৌবাহিনী। প্রথমার্ধে ২৪-১২ পয়েন্টে এগিয়ে থেকে বিজিবি আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় নৌবাহিনী। তবে শেষ পর্যন্ত লড়াই করেও ৩ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় তাদের। ৪০-৩৭ পয়েন্টে ম্যাচ জিতে ফাইনালে ওঠে বিজিবি।

দ্বিতীয় সেমিফাইনালে অবশ্য সেনাবাহিনী ও বিমানবাহিনীর মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। প্রথমার্ধে দুই দলের পয়েন্ট ছিল ১৩-১৩। দ্বিতীয়ার্ধেও পয়েন্টের লড়াই চলতে থাকে সমান্তরালে। তবে, শেষ পর্যন্ত ৩৩-৩০ পয়েন্টে বিমানবাহিনীকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ সেনাবাহিনী।

সূত্র : বাসস