ঘরের বাহিরে ওয়ানডে জয়ের অপেক্ষা বাড়ছে ইংল্যান্ডের। গতরাতে ফের হেরেছে থ্রি লায়ন্সরা। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ রানে হেরেছে তারা।
বৃহস্পতিবার আগে ব্যাটি করে স্বাগতিক লঙ্কানরা ৬ উইকেটে ২৭১ রান তোলে। জবাবে মিডল অর্ডারে নাটকীয় ধসের পর ৪৯.২ ওভারে ২৫২ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। এই জয়ে সিরিজ ১-০ তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।
ইংল্যান্ডের রান তাড়া শুরুটাই ছিল টালমাটাল। জ্যাক ক্রলি ফেরেব মাত্র ৬ রান করে। এরপর বেন ডাকেট ও জো রুটের ব্যাটে দারুণভাবেই লক্ষ্যের দিকে এগোচ্ছিল ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১১৭ রানের জুটি।
৭২ বলে রুট নিজের অর্ধশতক পূর্ণ করেন। সেই সাথে ওয়াডেতে ৬০০ চার মারার মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ইনিংস এরপর আর বড় হয়নি, ৯০ বলে ৬১ করে আউট হন তিনি। মাঝে ৭৬ বলে ৬২ করে আউট হন বেন ডাকেট।
এই দু’জন ফেরার পর নাটকীয় ব্যাটিং ধসে পড়ে ইংলিশরা। ১৬৫ রানের মাঝেই হারিয়ে ফেলে ৬ উইকেট। এরপর জশ বাটলার (১৯) ও রেহান আহমেদ (২৭) মিলে খানিকটা প্রতিরোধের চেষ্টা করলেও জুটি বড় হয়নি।
শেষ দিকে অবশ্য লঙ্কানদের ভয় ধরিয়ে দেন জেমি ওভারটন। ১৭ বলে ৩৪ রানের ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার হয়ে প্রমোদ মাদুশান নেন ৩ উইকেট।
এর আগে দুই ওপেনার পাথুম নিশানকা এবং কামিল মিশারার ব্যাটে ভর করে ভালো শুরু পায় লঙ্কানরা। ওপেনিং জুটি থেকে আসে ৫০ রান। ৩০ বলে ২১ রান করে বিদায় নেন নিশানকা।
৩৭ বলে ২৭ রান করে বিদায় নিয়েছেন মিশারাও। ৫৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে ফেলে লঙ্কানরা। তার বিদায়ের পর শ্রীলঙ্কার রানের গতি কমে যায়। তবে দলের হাল ধরে রাখেন তিনে নামা কুশল মেন্ডিস।
চারে নেমে ধনঞ্জয়া ডি সিলভা করেন ২১ বলে ১০ রান। পাঁচে নামা অধিনায়ক চারিথ আসালাঙ্কাও সুবিধা করতে পারেননি। ১৬ বলে ১৭ রান করে বিদায় নেন তিনি। এরপর জানিথ লিয়ানগেকে নিয়ে ৮৮ রান যোগ করেন তিনি।
লিয়ানগে ৫৩ বলে ৪৬ করে আউট হন। তবে কুশল মেন্ডিস ১১৭ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন। ১২ বলে ২৫ রানে অপরাজিত থাকেন দুনিথ ভেল্লালেগে। ইংল্যান্ডের হয়ে আদিল রাশিদ নেন ৩ উইকেট।