অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ এইচপি। সেই ধারা ধরে রেখে আজ মোহাম্মদ রুবেলের ঘূর্ণি জাদু আর সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে তারা।
৬ ম্যাচে এটি বাংলাদেশের পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও আরো শক্ত করেছে তারা। একইসাথে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইরফান শুক্কুরের দল।
শুক্রবার মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই রুবেলের ঘূর্ণিতে চাপে পড়ে নর্দার্ন টেরিটরি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে দলটি। জর্ডান সিল্ক ৩১, ম্যাট হ্যামন্ড ২৬ ও ক্যালি ম্যাকমোহন করেন ২৫ রান।
বাংলাদেশের হয়ে বল হাতে একাই ঝড় তোলেন ৩০ বছর বয়সী অফস্পিনার মোহাম্মদ রুবেল। মাত্র ২১ রান খরচায় শিকার করেন ৫ উইকেট। এই নিয়ে টুর্নামেন্টে ৬ ম্যাচে তার উইকেটসংখ্যা দাঁড়াল ২০-তে।
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনি রয়েছেন সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা হামিশ মার্টিনের উইকেট ১১টি।
১৪৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ছিল ইতিবাচক। আরিফুল হক ১০ ও হাবিবুর রহমান সোহান ২২ রান করে ফিরলেও তিন নম্বরে নেমে ইনিংসের হাল ধরেন সাব্বির রহমান রুম্মন।
শামীম পাটোয়ারী ১১, অধিনায়ক ইরফান শুক্কুর ১৭ ও এসএম মেহরব ৮ রান করে ফিরে গেলেও একপ্রান্ত আগলে রাখেন সাব্বির। টানা দ্বিতীয় ফিফটির দ্বারপ্রান্তে গিয়ে ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৭ রান করে আউট হন তিনি।
সাব্বির ফেরার পর কিছুটা চাপ তৈরি হলেও শেষ পর্যন্ত তা সামলে নেয় বাংলাদেশ। সামিউন বশির মাত্র ৮ বলে ১৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এরপর আব্দুল গাফফার সাকলাইনের বাউন্ডারিতে ১০ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।
এই জয়ে টুর্নামেন্টের শেষ চারের টিকিট নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামী ৩০ আগস্ট সকালে একই ভেন্যুতে সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ এইচপি।