মানারাত ইউনিভার্সিটিতে মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত
Printed Edition
বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে পঞ্চম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড ২০২৫। গতকাল আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পঞ্চম আসরের অলম্পিয়াড সম্পন্ন হয়।
সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ^বিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন।
সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উত্তীর্ণ প্রতিযোগীদের নগদ অর্থ, স্মারক ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত ‘জেএমএস টাইমস’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব মো: মনিরুল ইসলাম। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো: আবদুল কাইয়ুম।
অনুষ্ঠানে অন্যদের মাঝে স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক ও ইসলামিক গানসহ মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন এমআইইউ কালচারাল ক্লাব ও তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। বিজ্ঞপ্তি।