এখনো জিও পাননি শুটাররা
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
ভারতের দিল্লিতে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে খেলতে ৩১ জানুয়ারি দিল্লি যাওয়ার কথা শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারের। কিন্তু এখনো সরকারি অনুমোদনই (জিও) মেলেনি তাদের। জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রমতে, যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছে ফাইলটি পাঠানো হয়েছে; যা এখনো ক্রীড়া পরিষদের হাতে আসেনি। নৌবাহিনীর সদস্য হওয়ায় রবিউলের ভারতের ভিসার জন্য অপেক্ষা করতে হবে না। জিও পেলেই তিনি যেতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসার জন্য আবেদন করতে হয়েছে। এদিকে ক্রিকেট ইস্যুতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক তিক্ততায় গড়িয়েছে। এই অবস্থায় জিও পেলেও ভারতীয় ভিসা পাওয়া যাবে কিনা এ নিয়েও সন্দিহান শুটিং সংশ্লিষ্টরা।
জিও না পাওয়ায় হতাশ শুটার রবিউল, ‘৩১ জানুয়ারি আমাদের ফ্লাইট হওয়ার কথা। আর মাত্র তিন দিন আছে। এর মধ্যে জিও হবে কি না নিশ্চিত নই। তবে আমি প্রস্তুতি নিয়ে রেখেছি।’