ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে ২ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ এবং সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ফিন্যান্স’।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি ব্যাংকিং খাতের সাম্প্রতিক সঙ্কটের কথা তুলে ধরে বলেন, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন ব্যাংকিং খাতের সঙ্কট উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সাথে তিনি বিভিন্ন সঙ্কট মোকাবেলায় অ্যাকাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফিক, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্স ইনস্টিটিউশনস’র (এএওআইএফআই) মহাসচিব ওমর মোস্তফা আনসারি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম মোশারফ হোসেন এবং সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি আন-নদভী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব আহমেদ, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: ইমরানুল হক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার অধ্যাপক ড. হাবিবুল্লাহ জাকারিয়াহ, আইএসআরএ কনসাল্টিং মালয়েশিয়ার সিইও অধ্যাপক ড. এস্কান্দার শাহ মোহাম্মদ রাশিদ এবং এএওআইএফআই’র গভর্নেন্স অ্যান্ড এথিক্স বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রেজা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো: জামশেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশে ইসলামী ফিন্যান্স শিক্ষা’ শীর্ষক পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন- বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো: গোলজারে নবী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী আন-নদভী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান।