ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩৪
Printed Edition
এএফপি
দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন গ্রাম ও শহর লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইল। এতে অন্তত ৩৪ জন নিহত এবং গুরুতর আহত হয়েছে আরো বেশ কয়েকজন। গতকাল বুধবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দেশটির জাতীয় সংবাদ সংস্থার (এনএনএ) দেয়া তথ্য মতে, দক্ষিণ ও পূর্ব লেবাননের একাধিক গ্রাম ও শহর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এর আগে দক্ষিণ লেবাননের আল-শাহাবিয়ায় গতকাল মঙ্গলবার রাতভর চালানো ইসরাইলি হামলায় সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। অন্য দিকে পূর্ব লেবাননের বালবেক জেলার তামিনিন আল-তাহতায় ভয়াবহ ইসরাইলি বিমান হামলায় আরো সাতজনের প্রাণহানির ঘটনা ঘটে এবং আহত হয়েছেন অন্তত ১৮ জন।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জবেইল জেলার সাফ আল-হাওয়া এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হলে তিনজন নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ এলাকায় অপর এক ড্রোন হামলায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বেকা উপত্যকার নিহত হয়েছেন অন্তত একজন। প্রাণহানির পাশাপাশি বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় বহু মানুষ আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব লেবাননের বেকা উপত্যকার আলি আল-নাহরিতে হামলায় পাঁচজন আহত হয়েছেন। বিনতে জবেইল জেলার বারাচিতে ইসরাইলি ড্রোন হামলায় দু’জন সিরীয় নাগরিক আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। একই জেলার তিবনিন এলাকাতেও ইসরাইলি হামলার কারণে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।