তরুণ প্রজন্মকে নিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ব : নূরুল ইসলাম সাদ্দাম

Printed Edition
3rd-5
এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘তরুণ প্রজন্মকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণমুখী, ন্যায়ভিত্তিক ও ইনসাফের বাংলাদেশ গড়ে তুলব।

গতকাল রাজধানীর মগবাজারের আল ফালাহ অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

শিবির সভাপতি বলেন, সফলতার জন্য অধ্যবসায় দরকার। এটা ছাড়া টিকে থাকা যায় না। অন্ততপক্ষে দু’টি বছর সর্বোচ্চ চেষ্টা ও অধ্যবসায় চালিয়ে যাওয়া উচিত। আর কারো ভালো অবস্থান যেন আমাদের হতাশ না করে। ক্যারিয়ারের অনেকগুলো পথ আছে। কোনো একটি জায়গায় সুযোগ না পেলে হতাশ হওয়ার কিছু নেই। নতুন করে নিজেকে তৈরি করতে হবে। তোমার কাছে যখন যে সুযোগ থাকে, তখন তা কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। জীবনের এ পর্যায়ে আল্লাহ তায়ালা আমাদের যতটুকু সম্মান দান করেছেন, তা সর্বোচ্চভাবে রক্ষা করা উচিত।

শিক্ষার্থীদের সাফল্যের পাশাপাশি নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মানুষের চেষ্টা ও সাফল্যের মূল্য শুধু পৃথিবীতেই নয়, আখিরাতেও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষের পরিশ্রম, সততা ও নেক আমলের যথাযথ প্রতিদান দেবেন। সেই সাথে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও যোগ্যতাকে মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম বলেন, জীবনের একপর্যায়ে মানুষ সফল হলে সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল সফল হয়ে অহঙ্কারী হয়ে যায়, আরেক দল সফল হয়ে আরো বেশি বিনয়ী হয়ে যায়।

কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ছাত্রশিবির প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষ ও যোগ্য হয়ে ওঠার জন্য উৎসাহিত করে। শিক্ষার্থীদের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিয়ে মুত্তাকি হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে। তিনি বলেন, সফল হতে চাইলে সবার আগে নিজের মন থেকে বিশ্বাস করতে হবে, আমি পারব, আমরা পারব। সামনে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ, এরপর বিশ্ববিদ্যালয়জীবন। এই দীর্ঘ পথচলায় আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আল্লাহর ওপর ভরসা রেখে পরিশ্রম করলে ইনশা আল্লাহ তোমরা সফল হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সায়েম। শাখা বাইতুলমাল সম্পাদক মীর সাব্বির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের এমপি মো: সাইফুল আলম খান মিলন।