রাজধানীতে জামায়াতের সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

Printed Edition
3rd-4
ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী মো: সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে রাজধানীতে সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল ঢাকা মহানগর উত্তর প্রথম দিনে বসুন্ধরা, বাড্ডা ও রামপুরা এলাকার ২৩, ২৪ ও ৪০ নম্বর ওয়ার্ডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি শুরু করে। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় তিনি বলেন, সিটি করপোরেশনের প্রতি আমাদের আহ্বান আপনারা নিজেদের আপনাদের দায়িত্ব পালন করুন, আমরা দায়িত্বে না থাকা সত্ত্বেও নাগরিক ও মানবিক দায়িত্ব এবং নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে মাঠে নেমেছি। আমরা আশা করি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও আমাদের এ উদ্যোগের পাশে থাকবে। সবাইকে নিয়ে আগামী দিনে একটি সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আমরা একযোগে কাজ করতে চাই।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজ ঢাকার ৫৪টি ওয়ার্ডে একযোগে আমরা মাঠে নেমেছি। হাজার হাজার স্বেচ্ছাসেবক এ কর্মসূচিতে কাজ করবেন। একই সাথে আমরা অভিজ্ঞ পরিচ্ছন্নতাকর্মী ও সমাজসেবীদেরও এ উদ্যোগের সাথে যুক্ত করেছি। আমরা এ ঢাকাকে বদলে দেবো, ইনশা আল্লাহ। এ ঢাকা পরিবর্তন হয়ে যাবে। আমরা এমন একটি ঢাকা গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না ময়লা-আবর্জনা, থাকবে না জলাবদ্ধতা, কমবে যানজট, গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী।

তিনি বলেন, পরিষ্কার, যানজটমুক্ত ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে ঢাকাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে। বিভিন্ন জনপ্রতিনিধি নির্বাচনে আমাদের দক্ষতা, যোগ্যতা ও কাজের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরতে হবে।

তিনি আরো বলেন, যারা মাঠে নেমে জনগণের সাথে একাত্ম হয়ে কাজ করবেন, যারা ময়লা দেখে নাকে রুমাল দিয়ে দূরে সরে যাবেন না; বরং সে ময়লা পরিষ্কারের উদ্যোগ নেবেন, জনগণের হয়ে যারা কাজ করবেন, জনগণ তাদের অবশ্যই স্মরণ রাখবেন।

কর্মসূচিতে ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল বাসার, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।