দেশ রক্ষায় ইরানের সরকারপন্থীদের সাথে বিরোধীরা একাট্টা
Printed Edition
এপি
ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা তরুণরাও এখন দেশের সার্বভৌমত্ব রক্ষায় একাট্টা। মার্কিন বাহিনী যদি ইরানের ভূখণ্ডে কোনো ধরনের স্থল অভিযান চালায়, তবে নিয়মিত সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন এক তরুণ বিক্ষোভকারী। তার মতে, দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা তাদের জন্য একটি রেড লাইন।
উত্তর ইরানের বাবল শহরের ২৫ বছর বয়সী এক তরুণ আন্দোলনকারী নিজের নিরাপত্তা রক্ষার্থে নাম প্রকাশ না করার শর্তে বলেন, যদি আমার দেশের কোনো দ্বীপ বা ভূখণ্ডের কোনো অংশ দখলের পরিকল্পনা করা হয়, তবে ইরানি জাতিকে রক্ষায় আমি অবশ্যই একজন সেনা হিসেবে নিজেকে নিয়োজিত করব।
যুদ্ধ শুরুর আগে নিয়মিত সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া এই তরুণ জানান, গত সপ্তাহে জাতীয় প্রতিরক্ষা প্রচেষ্টায় যোগ দেয়ার আহ্বান জানিয়ে তিনি একটি বার্তা পেয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে, তিনি অভিজাত রেভল্যুশনারি গার্ডের হয়ে লড়বেন না, কারণ এই বাহিনী অতীতে বিভিন্ন আন্দোলন দমনে ভূমিকা রেখেছে। এর বদলে তিনি দেশের নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী। ইরানে বর্তমানে সাধারণ জনগণকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।