রিয়ালকে হারিয়ে ফের শিরোপা বার্সার

Printed Edition
khela-3
সুপারকাপ জয়ের ট্রফি হাতে বার্সেলোনার খেলোয়াড়দের উল্লাস : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। ম্যাচের সময় যত গড়িয়েছে, মাঠের লড়াইয়ে ততই বেড়েছে রোমাঞ্চ ও উত্তেজনা। প্রথমে গোল করে বার্সা এগিয়ে যাওয়ার পর রোমাঞ্চকর এই ফাইনালে প্রথমার্ধের যোগ করা সময়ে জমজমাট হয়ে উঠে লড়াই। দুই দলের জালে ৫ মিনিটে বল গেল তিনবার। দুইবার পিছিয়ে পড়েও সমতা ফিরল রিয়াল মাদ্রিদ। কিন্তু তৃতীয় দফায় পিছিয়ে পড়ে আর ফেরা হলো না বার্নাব্যুর দলটির। দারুণ জয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখল বার্সেলোনা। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তুলল হ্যান্সি ফ্লিকের দল। এর ফলে কোচ হিসেবে ৮ ফাইনালের ডাগআউটে দাঁড়িয়ে সব ক’টি জেতার কীর্তি ধরে রাখলেন বার্সার এই জার্মান কোচ।

কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ফাইনালে ফেবারিট হিসেবে মাঠে নামে বার্সেলোনা। পুরো ম্যাচে ৭১ শতাংশ সময় বল পজিশনে রেখে গোলের জন্য নেয়া ১৪টি শটের ৮টি লক্ষ্যে রেখে তিন বার জালের দেখা পায় হ্যান্সি ফ্লিকের দল। অপরদিকে ১০ শটের ৮টি লক্ষ্যে রেখে দুইবার জালের দেখা পায় রিয়াল।

সেমিফাইনালের মতো ফাইনালেও জোড়া গোল করে বার্সেলোনার নায়ক রাফিনহা। তার গোলেই ম্যাচের ৩৬ মিনিটে এগিয়ে যায় দল। ১৬ ম্যাচের গোল-খরা কাটিয়ে এ দিন দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভিনিসয়াস জুনিয়র। দুই মিনিট পরই বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেভানোদোভস্কি। সেই গোল শোধ করে দেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গঞ্জালো গার্সিয়া। ৭৩ মিনিটে রাফিনহার দ্বিতীয় গোলটিই ম্যাচের ব্যবধান গড়ার পাশাপাশি জয় নিশ্চিত হয় বার্সেলোনার।

২০২০ থেকে ২০২৬, টানা সাত বছর। স্প্যানিশ সুপার কাপের টানা সাত ফাইনাল। এর মধ্যে ছয়বারই শিরোপা লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। পাঁচবার ফাইনাল খেলে বার্সেলোনা। আর সবশেষ চারটি ফাইনালই ছিল ‘এল ক্লাসিকো’। যেখানে তিনবারই শিরোপা ঘরে তুলে ন্যূ ক্যাম্পের দলটি। আর শেষ দুইবারই ক্লাসিকোয় রিয়ালকে হারিয়ে সব মিলে রেকর্ড ১৬তম শিরোপা জিতল বার্সেলোনা। এই মৌসুমে প্রথম ক্লাসিকোয় গত অক্টোবরে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ২-১ গোলে হেরেছিল লামিনে ইয়ামাল-ফের্মিন লোপেজ-পেদ্রিরা। এবার ভিন্ন প্রতিযোগিতা হলেও রিয়ালকে হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দিলো বার্সেলোনা।