চট্টগ্রামে নেভি মেডিক্যাল কলেজের উদ্বোধন
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বানৌজা ঈসা খানসংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিক্যাল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। গতকাল বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনী সদর দফতর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিরা, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের উপকূলীয় এলাকায় অবস্থিত এ আধুনিক মেডিক্যাল কলেজটি নৌবাহিনীর তত্ত্বাবধানে গড়ে ওঠা একটি চিকিৎসাবিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান, যা আধুনিক অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ সুবিধার মাধ্যমে পরিচালিত হবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে পাঁচ বছর মেয়াদি চিকিৎসা শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসাবিষয়ক শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এ মেডিক্যাল কলেজ স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। তিনি আরো উল্লেখ করেন, দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্রবাহিনীর চিকিৎসা সমতা বৃদ্ধি করবে এবং একই সাথে দেশের সাধারণ জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।