ধর্মেন্দ্রর শেষ মুহূর্তের স্মৃতি নিয়ে মুখ খুললেন হেমা মালিনী

Printed Edition
Binodon pic-5

বিনোদন প্রতিবেদক

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক বিষাদময় অধ্যায়ের সূচনা করে চিরবিদায় নিয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। হাসপাতাল থেকে হাসিমুখে বাড়ি ফেরার মাত্র কয়েক দিনের মাথায় তার এই আকস্মিক প্রস্থানে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বামী ধর্মেন্দ্রর শেষ দিনগুলো এবং সেই অপূরণীয় ক্ষতির বেদনা নিয়ে স্মৃতিচারণ করেছেন তার দীর্ঘদিনের জীবনসঙ্গী ও অভিনেত্রী হেমা মালিনী।

২০২৫ সালের ২৪ নভেম্বর দিনটি বলিউডের জন্য ছিল এক চরম শোকের মুহূর্ত। হেমা মালিনী জানান, সেই মাসটি ছিল তাদের পরিবারের জন্য এক কঠিন সংগ্রামের সময়। সানি, ববি, এষা ও অহনাÑ সবাই সবসময় ধর্মেন্দ্রর পাশে ছিলেন। হেমা আক্ষেপ করে বলেন, তারা সবাই ভেবেছিলেন ধর্মেন্দ্র আবারো সুস্থ হয়ে ফিরে আসবেন, যেমনটি আগেও বহুবার হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এবার আর তা সম্ভব হয়নি।

সবচেয়ে বড় কষ্টের বিষয় হলোÑ ৮ ডিসেম্বর ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন পালনের জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছিল দেওল পরিবার। উৎসবের সব আয়োজন যখন শেষের পথে, ঠিক তখনই ঘনিয়ে এলো এই মৃত্যু। চোখের সামনে প্রিয় মানুষকে এভাবে চলে যেতে দেখা যে কতটা যন্ত্রণাদায়ক, তা প্রকাশ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী।

হেমা জানান, ধর্মেন্দ্রর ছোটখাটো পছন্দগুলো আজো তার প্রতিটি পদক্ষেপে জড়িয়ে আছে। বিশেষ করে ধর্মেন্দ্রর প্রিয় খাবারÑ থেপলা-চাটনি বা ইডলি-সাম্বার যখন বাড়িতে তৈরি হয়, তখন বারবার তার স্মৃতি ভিড় করে আসে।

তবে ধর্মেন্দ্রর ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি দ্রুত কাজে ফেরার চেষ্টা করছেন। পাশাপাশি, বাবার স্মৃতি ভক্তদের মধ্যে বাঁচিয়ে রাখতে বড় ছেলে সানি দেওল এক বিশেষ উদ্যোগ নিয়েছেন। তিনি ধর্মেন্দ্রর প্রিয় ফার্মহাউজটিকে একটি মিউজিয়ামে রূপান্তরিত করার পরিকল্পনা করছেন, যেখানে ভক্তরা তাদের প্রিয় নায়কের বর্ণাঢ্য জীবনের ছোঁয়া পাবেন।