ভবিষ্যৎ নেতৃত্বের কারিগর শিক্ষার্থীরা: হুমাম কাদের চৌধুরী

Printed Edition

রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, তোমাদের স্বপ্ন অনেক বড় হতে হবে। আমি চাই রাঙ্গুনিয়ার এই কক্ষ থেকেই যেন আগামী দিনের দক্ষ ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব বেরিয়ে আসে। হয়তো তোমাদের মধ্যেই বসে আছে রাঙ্গুনিয়ার ভবিষ্যৎ এমপি বা মন্ত্রী।

গত শনিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তোমরা যারা কাসে ভালো ছাত্র, তারা যেন পিছিয়ে পড়া সহপাঠীদের সাহায্য করো। টেলিভিশনের পর্দার হিরোদের চেয়ে বাস্তবের হিরো হচ্ছেন এই সরকারি কর্মকর্তারা, যারা দিনরাত তোমাদের সেবায় কাজ করছেন। আমরা এ বছরের শেষ নাগাদ রাঙ্গুনিয়ার অন্তত ১০টি উচ্চবিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করব।

ইউএনও নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, শিক্ষক তৌহিদুল ইসলাম টিপু, রাঙ্গুনিয়া প্রেস কাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী।